লক্ষ্য প্রভাব বিস্তার: ইরাকে কন্স্যুলেট অফিস খুলেছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i69378-লক্ষ্য_প্রভাব_বিস্তার_ইরাকে_কন্স্যুলেট_অফিস_খুলেছে_সৌদি_আরব
বাগদাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির আশায় ইরাকে আবারো কন্স্যুলেট অফিস খুলেছে সৌদি আরব। ইরাকের সঙ্গে প্রতিবেশী ইরানের সম্পর্ক যখন দিন দিন জোরদার হচ্ছে তখন রিয়াদ সরকার এ পদক্ষেপ নিল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৬, ২০১৯ ১২:৪৪ Asia/Dhaka
  • বাগদাদে সৌদি কন্স্যুলেট অফিসের উদ্বোধন
    বাগদাদে সৌদি কন্স্যুলেট অফিসের উদ্বোধন

বাগদাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির আশায় ইরাকে আবারো কন্স্যুলেট অফিস খুলেছে সৌদি আরব। ইরাকের সঙ্গে প্রতিবেশী ইরানের সম্পর্ক যখন দিন দিন জোরদার হচ্ছে তখন রিয়াদ সরকার এ পদক্ষেপ নিল।

গত বৃহস্পতিবার রাজধানী বাগদাদে কন্স্যুলেট অফিসের উদ্বোধন করা হয়। এতে ইরাক ও সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সৌদি বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি একটি বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে বাগদাদ সফর করেন। দু দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করাই ছিল তার এ সফরের মূল লক্ষ্য।

কন্স্যুলেট অফিস উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের বলেন, এর মধ্যদিয়ে সম্পর্কের নতুন অধ্যায় রচিত হবে। আল-কাসাবি আরো জানান, ইরাক পুনর্গঠনের জন্য রিয়াদ সরকার বাগদাদকে ১০০ কোটি ডলার দেবে। এছাড়া, রপ্তানি উন্নয়নের জন্য ৫০ কোটি ডলার ও এক লাখ আসনের একটি স্টেডিয়াম নির্মাণ করে দেবে। তিনি বলেন, উপহার হিসেবে বাগদাদের উপকণ্ঠে স্টেডিয়াম নির্মাণ করা হবে।

ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেন ১৯৯০ সালে কুয়েত দখল করলে সৌদি আরব বাগদাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০১৬ সালের জানুয়ারি মাসে রিয়াদ সরকার নতুন করে বাগদাদে দূতাবাস চালু করে তবে কনস্যুলার সার্ভিস বন্ধ রাখা হয়। ইরাকি নাগরিকদের সৌদি সফর করার জন্য ভিসা নিতে হলে জর্দান থেকে তা সংগ্রহ করতে হতো।#

পার্সটুডে/এসআইবি/এআর/৬