সৌদি আরবের রিয়াদে পুলিশের গুলিতে নিহত ৪
সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে একটি থানার কাছে পুলিশের গুলিতে চার জন নিহত হয়েছে। সৌদি পুলিশের দাবি, নিহতরা হামলাকারী। সংঘর্ষের সময় তাদের মৃত্যু হয়েছে। তবে সংঘর্ষে সৌদি বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায় নি।
সৌদি আরবের নিরাপত্তা সূত্রে জানা গেছে, রাজধানী রিয়াদের ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জুলফি এলাকার একটি থানায় এ ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় সম্পর্কে স্পষ্ট করে কিছু বলে নি সৌদি পুলিশ।
সৌদি পুলিশ এর আগে অনেক নিরপরাধ মানুষকে হত্যার পর তাদেরকে সন্ত্রাসী বা হামলাকারী হিসেবে প্রচারের চেষ্টা করেছে। ২০১৭ সালে কাতিফ এলাকায় দুই বাংলাদেশিকে বিনা অপরাধে হত্যা করে তারা। সে সময় এক বাংলাদেশি আহত হন। একজন বেঁচে থাকায় প্রকৃত ঘটনা ফাঁস হয়ে যায়।
হত্যাকাণ্ডের পর জানা যায়, আকামা সমস্যা সমাধানের জন্য কোম্পানির মালিকের মাইক্রোবাসে করে শামীম, শাহপরান ও মাহবুব নামের ওই তিন বাংলাদেশি কাতিফ শহরে যান। সকাল সাড়ে ৯টায় তারা আল কাতিফ শহরের কাছে পৌঁছে দেখতে পান রাস্তাঘাট ফাঁকা এবং কোনো লোক সমাগম নেই। তখন গাড়িটি থামানোর সঙ্গে সঙ্গে সৌদি পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে শাহ পরান ও শামীম ঘটনাস্থলেই নিহত হন। আর গাড়িচালক মাহবুব গুরুতর আহত হন।
পুলিশ ওই ঘটনাকে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।#
পার্সটুডে/২১