‘ইরান-বিরোধী মার্কিন একতরফা পদক্ষেপের বিরুদ্ধে ইরাক’
-
সংবাদ সম্মেলনে জাওয়াদ জারিফ (বামে) ও মুহাম্মাদ আল-হাকিম
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-হাকিম বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যে একতরফা পদক্ষেপ নিতে চায় বাগদাদের অবস্থান তার বিরুদ্ধে। ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জোর দিয়ে বলে, ইরান হচ্ছে ইরাকের ভাই; ফলে বাগদাদ তেহরানের পাশে দাঁড়াবে। তিনি আরো বলেন, বর্তমান সংকটে পারস্য উপসাগরীয় দেশগুলো, আরব রাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর সক্ষমতা রয়েছে বাগদাদের। বিষয়টি নিয়ে ইরাক এরইমধ্যে কাজ শুরু করেছে বলেও তিনি জানান।
মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কোনো সমাধান বয়ে আনে না। ইরানি জনগণকে মহান উল্লেখ করে আল-হাকিম বলেন, তারা যুদ্ধের পেছনে ছুঁটছে না।
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে আল-হাকিম বলেন, তার সঙ্গে আলোচনা সফল হয়েছে এবং আলোচনায় দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পায়। ইরান ও ইরাকের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় চুক্তিগুলো বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান মুহাম্মাদ আল-হাকিম।#
পার্সটুডে/এসআইবি/২৬