ফুজায়রা তেল ট্যাংকার হামলায় কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি: ইউএই
-
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, গতমাসে তার দেশের ফুজায়রা বন্দরে চারটি তেল ট্যাংকারে হামলার ঘটনায় সুনির্দিষ্ট কোনো দেশকে দায়ী করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি বুলগেরিয়া সফরে গিয়ে গতকাল (শনিবার) সোফিয়ায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী একাতেরিনা জাহারেভিয়া’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
গত ১২ মে কৌশলগত হরমুজ প্রণালির ঠিক বাইরে আরব আমিরাতের ফুজায়রা বন্দরে নোঙ্গর করা চারটি তেল ট্যাংকারে হামলা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই তাৎক্ষণিকভাবে ওই হামলার জন্য ইরানকে দায়ী করেন। সংযুক্ত আরব আমিরাত সরাসরি ইরানকে দায়ী না করলেও এ ঘটনাকে ‘নাশকতামুলক তৎপরতা’ হিসেবে আখ্যায়িত করে দাবি করে, ‘একটি দেশের’ পক্ষ থেকে এ হামলা চালানো হয়েছে।
আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শনিবার সোফিয়ায় তার দেশের আগের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন, একটি দেশের পক্ষ থেকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এত সুপরিকল্পিত হামলা চালানো সম্ভব নয়। তবে তিনি এও বলেন, এখন পর্যন্ত সেই দেশটিকে শনাক্ত করার মতো কোনো তথ্যপ্রমাণ আবু ধাবির হাতে আসেনি।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরানের সঙ্গে সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথাও ঘোষণা করেন।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৬