হেমেইমিম বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা রুখে দিয়েছে রাশিয়া
-
কৌশলগত হেমেইমিম বিমানঘাঁটিতে রুশ জঙ্গিবিমান দেখা যাচ্ছে
সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের কৌশলগত হেমেইমিম বিমানঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে রাশিয়ার সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই হামলা প্রতিহত করা হয়। ঘাঁটিটি ২০১৪ সাল থেকে রাশিয়া ব্যবহার করে আসছে।
রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তৎপর সন্ত্রাসীরা ২৬ জুন দুটি ড্রোনের সাহায্যে বিমানঘাঁটিতে হামলার চেষ্টা করে তবে রুশ সেনারা দুটি ড্রোনই ধ্বংস করে দেয়। ইদলিবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে; তা সত্ত্বেও সেখান থেকে সন্ত্রাসীরা মাঝেমধ্যেই হেমেইমিম বিমানঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালায়।
এর আগে, ২০ মে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম রাত ৮টার দিকে হেমেইমিম বিমানঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়ে কিন্তু রুশ সেনারা সেসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়। এর দুদিন আগে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ওই ঘাঁটির ওপর সন্ত্রাসীদের ড্রোন হামলা প্রতিহত করেছিল।#
পার্সটুডে/এসআইবি/২৮