নিজস্ব প্রক্রিয়ায় ইরানকে অর্থ পরিশোধ করবে ইরাক
-
ইরাকি দিনার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছ থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি বাবদ বিশেষ প্রক্রিয়ায় বিল পরিশোধ করবে ইরাক। এজন্য ইউরোপের ধাঁচে বাগদাদ স্পেশাল পারপাজ ভেহিক্যাল বা এসভিপি পদ্ধতি চালু করবে।
ইরাক তার নিজস্ব মুদ্রা দিনারে ইরানকে এ অর্থ পরিশোধ করবে। ইরাকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। বার্তা সংস্থাটি দাবি করছে, কয়েক মাস ইরাক, ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
ইরান থেকে ইরাক প্রতিদিন সরাসরি ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। এছাড়া, রাজধানী বাগদাদসহ গুরুত্বপূর্ণ বহু শহরের বিদ্যুতের চাহিদা মেটাতে ইরানি গ্যাস ব্যবহার করা হয়। এর পাশাপাশি ইরান হতে খাদ্য থেকে শুরু করে যন্ত্রপাতি, শাক-সবজি ও ফলমূল আমদানি করে ইরাক। কিন্তু ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে সমস্যায় পড়েছে ইরাক সরকার।
ইরান থেকে পণ্য আমদানি এবং এ সংক্রান্ত বিল পরিশোধের বিষয়ে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করছে ইরাক। বাগদাদের শক্ত অবস্থানের কারণে কয়েকদফা ছাড়ও দিয়েছে আমেরিকা।#
পার্সটুডে/এসআইবি/২