পারস্য উপসাগরের নিরাপত্তা পরিকল্পনা পেশ করল রাশিয়া
-
সম্প্রতি পারস্য উপসাগর থেকে ইরানের হাতে আটক হওয়া ব্রিটিশ জাহাজ, পাশে ইরানের একটি টহল বোট
পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্মিলিত নিরাপত্তার বিষয়ে জাতিসংঘে একটি পরিকল্পনা পেশ করেছে রাশিয়া। কৌশলগত এ অঞ্চলে যখন নানামুখী উত্তেজনা বিরাজ করছে তখন মস্কো এ পরিকল্পনা পেশ করল।
আজ (মঙ্গলবার) রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে লক্ষ্য করে এ বিষয়ে দুটি চিঠি দিয়েছে মস্কো। এতে পারস্য উপসাগরীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মস্কো।
চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিনের সংকট নিরসনের মাধ্যমে এ অঞ্চলে নিরাপদ ও স্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য বর্তমান অবস্থায় শক্তিশালী এবং কার্যকর পদক্ষেপ নেয়া দরকার। একইসঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও টেকসই উন্নয়ন দরকার।
এছাড়া, পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য বাইরের দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা শুরুরও আহ্বান জানানো হয়েছে রুশ চিঠিতে। এজন্য আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা সংস্থাকে আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে রাশিয়া প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলেও চিঠিতে জানানো হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৩০