আবার দামেস্কের আকাশে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়ার সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i73080-আবার_দামেস্কের_আকাশে_ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_ধ্বংস_করল_সিরিয়ার_সেনাবাহিনী
সিরিয়ার রাজধানী দামেস্কের আকাশে ইহুদিবাদী ইসরাইলের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার রাতে দামেস্কের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এসব ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেয়া হয়।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
আগস্ট ২৫, ২০১৯ ০৬:২৯ Asia/Dhaka
  • ২৪ আগস্ট রাতে দামেস্কের আকাশে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের এই ছবিটি প্রকাশ করেছে সানা
    ২৪ আগস্ট রাতে দামেস্কের আকাশে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের এই ছবিটি প্রকাশ করেছে সানা

সিরিয়ার রাজধানী দামেস্কের আকাশে ইহুদিবাদী ইসরাইলের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার রাতে দামেস্কের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এসব ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেয়া হয়।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের দক্ষিণ প্রান্তের কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। এটি আরো জানায়, ইসরাইল-অধিকৃত গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইহুদিবাদী বাহিনী এবং সেগুলোকে দক্ষিণ দামেস্কের আকাশে ধ্বংস করা হয়।

সানা জানিয়েছে, “স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৩০মিনিটে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোলান মালভূমি থেকে উড়ে আসা কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং সেগুলোর বেশিরভাগকে আকাশে ধ্বংস করে দেয়া হয়।”

স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, তারা রাতের অন্ধকারে দামেস্কের আকাশে বিস্ফোরণের শব্দ শুনতে ও ক্ষেপণাস্ত্র ধ্বংস হতে দেখেছেন।

সিরিয়ার একটি ভ্রাম্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ফাইল ছবি)

ইহুদিবাদী ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র জনাথন কনরিকাস দামেস্কের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা নিশ্চিত করে দাবি করেছেন, সিরিয়ায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে দামেস্ক ওই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, খুব কম সংখ্যক ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে।

সিরিয়া বলেছে, দখলদার ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি স্বাধীন দেশে আগ্রাসন চালাচ্ছে। এ ছাড়া, সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটি বা সেনা রয়েছে বলে যে দাবি তেল আবিব করছে তাও প্রত্যাখ্যান করেছে দামেস্ক।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।