বাজেট ঘাটতি মেটাতে ১০০০ কোটি ডলার ঋণ করছে রিয়াদ
https://parstoday.ir/bn/news/west_asia-i7372-বাজেট_ঘাটতি_মেটাতে_১০০০_কোটি_ডলার_ঋণ_করছে_রিয়াদ
সৌদি আরব বাজেট ঘাটতি মেটানোর জন্য ১০০০ কোটি ডলার ঋণ করছে। অপরিশোধিত তেল রাজস্ব কমে যাওয়ায় দেশটির রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি দেখা দিয়েছে এবং এটি ৯৮০০ কোটি ডলারে যেয়ে ঠেকেছে। আর এ ঘাটতি পূরণের জন্য রিয়াদ সরকার বিদেশি ঋণের দিকে হাত বাড়িয়েছে। মার্কিন, ইউরোপ এবং এশিয়ার ব্যাংকগুলো থেকে অর্থ কর্জ করছে দেশটি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২১, ২০১৬ ০৯:০৪ Asia/Dhaka
  • বাজেট ঘাটতি মেটাতে ১০০০ কোটি ডলার ঋণ করছে রিয়াদ

সৌদি আরব বাজেট ঘাটতি মেটানোর জন্য ১০০০ কোটি ডলার ঋণ করছে। অপরিশোধিত তেল রাজস্ব কমে যাওয়ায় দেশটির রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি দেখা দিয়েছে এবং এটি ৯৮০০ কোটি ডলারে যেয়ে ঠেকেছে। আর এ ঘাটতি পূরণের জন্য রিয়াদ সরকার বিদেশি ঋণের দিকে হাত বাড়িয়েছে। মার্কিন, ইউরোপ এবং এশিয়ার ব্যাংকগুলো থেকে অর্থ কর্জ করছে দেশটি।

গত সিকি শতাব্দির মধ্যে এই প্রথম আন্তর্জাতিক ঋণের জন্য হন্যে হয়ে উঠেছে সৌদি আরব। দেশটির প্রধান আয়, তেলরাজস্ব গত বছর ২৩ শতাংশ হ্রাস পেয়েছে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দেয়ার জন্য বৈদেশিক কর্জের দিকে ঝুঁকেছে সৌদি আরব।

এদিকে, তেল খাতের আয় কমে যাওয়ায় সাথে পাল্লা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সৌদি আরবের ঋণ নেয়ার পরিস্থিতিরও অবনতি ঘটেছে। অবশ্য এ সত্ত্বেও দেশটি ঋণ যোগাড় করতে পেরেছে। ব্যাংক অব টোকিও-মিৎসুবিসি, এইচএসবিসি এবং জেপি মর্গানসহ আরো কিছু সংস্থার প্রত্যেকের কাছ থেকে ১৩০ কোটি ডলার করে ঋণ গ্রহণ করছে সৌদি আরব।

প্রাথমিক ভাবে সৌদি আরব পাঁচ বছরের জন্য ছয়শ’ থেকে আটশ’ কোটি ডলার ঋণের পরিকল্পনা করেছিল। কিন্তু সৌদি অর্থ মন্ত্রণালয় একে বাড়িয়ে ১০০০ কোটি ডলারে নিয়ে যায়। চলতি মাস শেষ হওয়ার আগেই এ সংক্রান্ত চুক্তি সই করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে তেল-মূল্যের অব্যাহত পতনের মুখে পার্শ্ববর্তী দেশ কাতারও হাত পাতছে বিদেশি ঋণদাতাদের কাছে।#

মূসা রেজা/২১