আমেরিকা ও তুরস্ককে অবৈধ সামরিক উপস্থিতির অবসান ঘটাতেই হবে: সিরিয়া
-
জাতিসংঘে ভাষণ দিচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম তার দেশে আমেরিকা ও তুরস্কের অবৈধ সামরিক উপস্থিতির নিন্দা জানিয়ে বলেছেন, অবশ্যই তার দেশ থেকে এসব বিদেশি সেনা প্রত্যাহার করে নিতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে গতকাল (শনিবার) ভাষণ দেয়ার সময় ওয়ালিদ আল-মুয়াল্লেম এ দাবি জানান। তিনি বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে আমেরিকা এবং তুরস্ক তাদের অবৈধ সামরিক উপস্থিতি বজায় রেখেছে। তিনি বলেন, “আমাদের অনুমতি ছাড়া যেসব দেশ সিরিয়ার অভ্যন্তরে সেনা মোতায়েন করে রেখেছে তাদেরকে আমরা দখলদার বাহিনী মনে করি এবং অবশ্যই এসব সেনা প্রত্যাহার করতে হবে। যদি এসব দেশ আমাদের এই দাবি প্রত্যাখ্যান করে তাহলে আন্তর্জাতিক আইন অনুসারে তাদের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নেয়ার অধিকার আমাদের আছে।”
সিরিয়ার অভ্যন্তরে আমেরিকার প্রায় এক হাজার সেনা মোতায়েন রয়েছে। আমেরিকা দাবি করছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা এসব সেনা মোতায়েন করে রেখেছে। তবে সিরিয়া সরকারের কাছ থেকে সেনা মোতায়েনের ব্যাপারে অনুমতি নেয় নি। অবশ্য আমেরিকা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের কথা দাবি করলেও বাস্তবে সেরকম কোনো আলামত দেখা যায় না।
আমেরিকা এবং তুরস্ক সিরিয়ার ভেতরে একটি নিরাপদ অঞ্চল গঠনের ব্যাপারে যে আলোচনা করছে তার নিন্দা জানিয়ে মুয়াল্লেম বলেন, তারা যদি এই ধরনের পরিকল্পনা করে থাকে তাহলে সেটি হবে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের চরম লংঘন।
সিরিয়ার ভেতরে যেসব সন্ত্রাসী আসাদ সরকারের বিরুদ্ধে তৎপর রয়েছে তাদের প্রতি তুরস্কের পক্ষ থেকে যেকোনো ধরনের সমর্থন ও সহযোগিতার নিন্দা জানান ওয়ালিদ আল-মুয়াল্লেম। তিনি বলেন, “আঙ্কারার এসব তৎপরতা আস্তানা চুক্তির পরিপন্থী। তুরস্ক যদি সত্যিই তার নিজের সীমান্তের নিরাপত্তা এবং সিরিয়ার সংহতির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয় তাহলে তাদেরকে আস্তানা চুক্তি মেনে চলতে হবে।”
ওয়ালিদ আল-মুয়াল্লেম আরো বলেন, সিরিয়ার যেকোনো শান্তিপ্রক্রিয়া অবশ্যই তা সিরিয়ার জনগণের নেতৃত্বে হতে হবে এবং বিদেশীদের হস্তক্ষেপ ছাড়াই সিরিয়ার জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।
তিনি গতকালের ভাষণে আরো বলেন, সিরিয়া সরকার দেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদের মূল উৎপাটনে অঙ্গীকারাবদ্ধ। সন্ত্রাসবাদ বিরোধী চলমান লড়াইকে তার সরকার পরিণতির দিকে নিয়ে বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এসআইবি/২৯