সশস্ত্র প্রতিরোধই অধিকার আদায়ের একমাত্র উপায়: জিহাদ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i74245-সশস্ত্র_প্রতিরোধই_অধিকার_আদায়ের_একমাত্র_উপায়_জিহাদ_আন্দোলন
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালে সতর্ক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনের প্রতি ইঞ্চি ভূমি ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে মুক্ত না করা পর্যন্ত তাদের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন চলবে। ইসলামি জিহাদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৬, ২০১৯ ০৪:১৪ Asia/Dhaka
  • ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালে
    ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালে

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালে সতর্ক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনের প্রতি ইঞ্চি ভূমি ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে মুক্ত না করা পর্যন্ত তাদের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন চলবে। ইসলামি জিহাদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শনিবারের সমাবেশে ইসলামি জিহাদের সব নেতা এবং সংগঠনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের শত শত যোদ্ধা উপস্থিত ছিলেন।

নাখালে বলেন, গাজাবাসীকে চিরদিন দমিয়ে রেখেছে দখলদার ইসরাইল। কিন্তু বর্তমানে এই উপত্যকা তেল আবিবের বিরুদ্ধে সমান তালে যুদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে। প্রতিরোধ যোদ্ধাদের সাহসিকতা এবং গাজাবাসীর দৃঢ় মনোবলের কারণে এটি সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আইআরজিসি'র কুদস ব্রিগেডের কমান্ডার জেনারেল সোলেইমানির সঙ্গে নাখালে (ফাইল ছবি)

ইহুদিবাদী ইসরাইলের যেকোনো হুমকি প্রতিহত করার ক্ষমতা ইসলামি জিহাদ আন্দোলনের রয়েছে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের মহাসচিব। তিনি বলেন, চাপিয়ে দেয়া অবরোধ ও দারিদ্র সত্ত্বেও গাজা উপত্যকা তার পুরনো ইতিহাস বদলে নয়া যুগে প্রবেশ করেছে। ইহুদিবাদী শত্রু এখন আর এই উপত্যকায় আগ্রাসন চালিয়ে বিনা জবাবে পার পাবে না বলে তিনি সতর্ক করে দেন।ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব ফিলিস্তিনের সবগুলো প্রতিরোধ সংগঠনের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করারও আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।