সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয় নি: ইরাকের প্রেসিডেন্ট
-
বারহাম সালিহ
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, সরকারের পক্ষ থেকে কাউকেই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অনুমতি দেওয়া হয় নি। যারা মানুষের উপর গুলি চালিয়েছে তারাই দেশের প্রকৃত শত্রু বলে মন্তব্য করেন। একইসঙ্গে তিনি গণমাধ্যমকে প্রকৃত বাস্তবতা তুলে ধরার আহ্বান জানান।
বারহাম সালিহ এক টিভি ভাষণে আরও বলেন, দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তরুণ সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরকে বিক্ষোভ করতে শান্তিপূর্ণভাবে যাতে কেউ আপনাদের ছিনতাই করার সুযোগ না পায়। সাম্প্রতিক সহিংসতার বিষয়ে উপযুক্ত তদন্তের আহ্বান জানান ইরাকের প্রেসিডেন্ট।
তিনি বলেন, যারা নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েছে তাদেরকে জবাবদিহি করতে হবে। ইরাকের বর্তমান মন্ত্রিসভার নানা সংস্কার কর্মসূচির প্রতি তিনি সমর্থন ব্যক্ত করে বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। যারা বিক্ষোভকারীদের হত্যা করেছে তারাই হচ্ছে প্রকৃত দোষী এবং আইন লঙ্ঘনকারী।
গত কয়েক দিনে দেশে যা ঘটেছে তা অবশ্যই অপরাধ, এ ব্যাপারে নীরব থাকা যায় না। তিনি বলেন, পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইরাকে গত কয়েক দিনে বিক্ষোভ ও সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে।#
পার্সটুডে/এসএ/৮