মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিপদের মুখে আন্তর্জাতিক বাণিজ্য
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত ইসহাক আলী হাবিবি
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাণিজ্য বিপদের মুখে পড়েছে। নজিরবিহীন এই ঝুঁকি মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই নীরবতা ভাঙতে হবে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত ইসহাক আলী হাবিবি গতকাল (সোমবার) জাতিসংঘ সাধারণ পরিষদের সেকেন্ড কমিটির বৈঠকে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন।
তিনি বলেন, একথা কেউ অস্বীকার করতে পারবে না যে, আন্তর্জাতিক যতসব চুক্তি এবং সমঝোতা আছে তার সবই এ মুহূর্তে নজিরবিহীন চাপের মুখে রয়েছে। অথচ এইসব চুক্তি ও সমঝোতার ভিত্তি হচ্ছে বহুপক্ষীয় সমঝোতার প্রতি অঙ্গীকার।
ইসহাক আলী হাবিবি বলেন, নিষেধাজ্ঞা-ভিত্তিক পররাষ্ট্রনীতি বহুজাতিক অর্থ ও বাণিজ্য ব্যবস্থাকে খুবই অকার্যকর করে তুলেছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত- বৈশ্বিক উন্নয়নের জন্য তহবিল যোগানোর ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চয়তা প্রদান। বৈশ্বিক উন্নয়নকে সুনির্দিষ্ট কোনো দেশ একতরফা ও অবৈধ পদক্ষেপের মাধ্যমে পণবন্দী করতে পারে না।
ইরানের এ কূটনীতিক বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে বিশেষ করে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন ও অন্যায় এসমস্ত নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণে বহুজাতিকতার ভিত্তি হুমকির মুখে পড়েছে।#
পার্সটুডে/এসআইবি/৮