ইরাকে নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ, কয়েকজন অস্ত্রধারী আটক
-
ইরাকে বিক্ষোভ
ইরাকের রাজধানী বাগদাদসহ বেশ কয়েকটি শহরে নতুন করে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা দেশের অর্থনৈতিক সংকটসহ নানা অনিয়ম অবসানের দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছে। তবে গতকাল রাজধানী বাগদাদ এবং নাজাফ শহরের বিক্ষোভ থেকে ইরাকের নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন অস্ত্রধারী ব্যক্তিকে আটক করেছে।
ইরাকের আল-আহাদ বার্তা সংস্থাকে নাজাফের প্রাদেশিক গভর্নর লুয়াই আল-ইয়াসিরি বলেন, নাজাফ শহরে প্রবেশের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে যার কাছে একটি অ্যাসাল্ট রাইফেল ছিল এবং আরেকজনকে ধরায হয়েছে স্নাইপার রাইফেলসহ।
এদিকে রাজধানী বাগদাদে একজন অস্ত্রধারীকে বিক্ষোভকারীরা আটক করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়। অস্ত্রধারী ব্যক্তি গোপনে বিক্ষোভকারীদের মধ্যে ঢুকে পড়ে। সে ইরাকের নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের হত্যার পরিকল্পনা নিয়ে কাজ করছিল। এছাড়া, বাগদাদের নাসের স্কয়ারের কাছে আরেকজন অস্ত্রধারীকে বিক্ষোভে যোগ দিয়ে লোকজন আটক করে। আটক এসব অস্ত্রধারীর ছবি খুব দ্রুত সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে ইরাকে বেশ কয়েকদিন বিক্ষোভ কর্মসূচি বন্ধ ছিল। এরপর গতকাল শুক্রবার থেকে আবার বিক্ষোভ শুরু হয়েছে। ইরাকের অর্থনৈতিক সংকট এবং প্রশাসনিক পর্যায়ে যেসব দুর্নীতি রয়েছে তার অবসান চাইছে বিক্ষোভকারীরা।#
পার্সটুডে/এসআইবি/২৫