সিরিয়ার ইদলিবে এখনো অনেক বড় কাজ বাকি: পুতিন
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার ইদলিব শহরে এখনও অনেক বড় বড় কাজ বাকি রয়েছে। ইদলিব শহরটিতে বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শক্ত ঘাঁটি রয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে পাঁচ জাতিগোষ্ঠীর জোটের শীর্ষ সম্মেলনের অবকাশে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পুতিন বলেন, ইদলিবে এখনো বহুসংখ্যক সন্ত্রাসী রয়েছে যারা লিবিয়াসহ বিভিন্ন দেশে ঢুকে পড়তে পারে। সিরিয়া সংক্রান্ত জেনেভা শান্তি প্রক্রিয়া সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, “এরই মধ্যে অনেক লক্ষ্য অর্জিত হয়েছে তবে সবকিছু এখনো অর্জিত হয় নি। সেক্ষেত্রে আমি আশা করি যে, রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন সংবিধান রচিত হলে পরিস্থিতি আরো স্বাভাবিক হবে এবং সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে। এ প্রক্রিয়া পুরো দেশের পরিস্থিতিকে সুন্দর ও স্বাভাবিক করে তুলবে এবং ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধার করবে।
পুতিন যখন এসব কথা বলছেন ঠিক সেদিনই সিরিয়ার সরকারি বাহিনী ইদলিবের গুরুত্বপূর্ণ দুটি এলাকা সন্ত্রাসীদের দখল থেকে মুক্ত করেছে। এসব এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম বা সাবেক নুসরা ফ্রন্টের দখলে ছিল। গতকালের সংঘর্ষে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৫