লেবাননের নতুন প্রধানমন্ত্রী হাসান দিয়াব; আছে হিজবুল্লার সমর্থন
-
হাসান দিয়াব
লেবাননের একটি শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াবকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মিশেল আউন। লেবাননে গত দুই মাস ধরে যে রাজনৈতিক অচলাবস্থা চলে আসছিল হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী নিয়োগের ফলে তার অবসান হলো বলে আশা করা হচ্ছে।
হাসান দিয়াব এখন দ্রুত নতুন মন্ত্রিসভা গঠন করবেন। তার প্রতি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সমর্থন রয়েছে বলে গণমাধ্যমগুলো খবর দিচ্ছে। হিজবুল্লাহ হচ্ছে লেবাননের বর্তমান রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী সংগঠন।
লেবাননে অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে সম্প্রতি ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং ওই বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। এরপর থেকে লেবানন মূলত সরকারবিহীন অবস্থায় ছিল যদিও সাদ হারিরি ও তার মন্ত্রিসভা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করেছে।
গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রেসিডেন্ট মিশেল আউন ব্রিটেনে ইঞ্জিনিয়ারিং পড়া হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই নিয়োগের আগে ১২৮ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছেন তিনি। তার প্রতি ৬৯ জন সংসদ সদস্য সমর্থন দিয়েছেন। তবে হাসান দিয়াবের প্রতি সমর্থন দেয় নি হারিরির সুন্নি সংগঠন ‘ফিউচার মুভমেন্ট’ ও খ্রিস্টান জোট ‘লেবাননিজ ফোর্স’।#
পার্সটুডে/এসআইবি/২০