ইরাকে আবারও গাড়ীতে মার্কিন হামলা; কমান্ডার নিহতের খবর নাকচ করল পিএমইউ
ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবি’র স্বাস্থ্য ও চিকিৎসা ইউনিটের দু’টি গাড়ীতে হামলা চালিয়েছে মার্কিন সন্ত্রাসী সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটলেও হাশদ আশ শাবি’র কোনো সিনিয়র কমান্ডার হতাহত হয় নি। হাশদ আশ শাবি এক বিবৃতিতে আজ এসব তথ্য জানিয়েছে।
মার্কিন বিমান হামলায় ইরানের কুদস বাহিনী প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিস শহীদ নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আবারও দেশটিতে হামলা চালালো মার্কিন বাহিনী। হাশদ আশ শাবি পপুলার মোবালাইজেশন ইউনিট (পিএমইউ) নামেও পরিচিত।
বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বাগদাদের উত্তরে তাজি এলাকায় হাশদ আশ শাবির গাড়ী বহরে হামলায় ছয়জন নিহত হয়েছে। হামলায় হাশদ আশ হাশির কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হওয়ার দাবি করেছে কোনো কোনো গণমাধ্যম। কিন্তু পিএমইউ ওই খবরের সত্যতা নাকচ করেছে।
পিএমইউ বলেছে, সিনিয়র কমান্ডার নিহত হওয়ার খবর প্রচারের মাধ্যমে প্রতিরোধ সংগ্রামীদের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো কমান্ডার নিহত হন নি। বাগদাদের তাজি স্টেডিয়ামের কাছে চিকিৎসা ইউনিটের দু’টি গাড়ীতে এই হামলা হয়েছে।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।