সৌদি আরবে দাম বাড়ানোর জেরে চাকরি হারালেন পানি ও বিদ্যুৎমন্ত্রী
সৌদি আরবের পানি ও বিদ্যুৎমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির রাজা সালমান বিন আবদুলআজিজ বিন আস সৌদ। পানি ও বিদ্যুৎতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটির জনগণের ক্ষোভ কমানোর জন্য পানি ও বিদ্যুৎমন্ত্রী আবদুল্লাহ আল-হোসেইনকে রাজ ফরমানের বলে বরখাস্ত করা হয়।
রাজকীয় ফরমানে কৃষিমন্ত্রী আবদেল রহমান আল-ফাদিকে পানি ও বিদ্যুৎ বিষয়ক ভারপ্রাপ্তমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়ে যাওয়াকে কেন্দ্র সৃষ্ট দেশটির বাজেট ঘাটতি মেটাতে পানি, বিদ্যুৎ এবং জ্বালানির ওপর থেকে ভর্তুকি কমিয়েছে সৌদি আরব। দেশটির অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়।
গত মাসে আল-হোসেইন স্বীকার করেন যে পানির দাম বাড়ানোয় সৌদি জনগণ ক্ষুব্ধ হয়েছে এবং তারা নিজেরা কুপ খোঁড়ার অনুমতি চাইছে। চলতি মাসের গোড়ার দিকে আরব নিউজ ডেইলির খবরে বলা হয়েছে যে পানির দাম বাড়ানোর বিষয়টি ভাল নজরে দেখেনি দেশটির শুরা পরিষদ।#
মূসা রেজা/২৪