শিগগিরি ফিলিস্তিন রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না: মার্কিন রাষ্ট্রদূত
-
ডেভিড ফ্রাইডম্যান
ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত কথিত শান্তি পরিকল্পনায় লোকদেখানো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হলেও মার্কিন প্রশাসন মনে করে না যে, খুব শিগগিরি ফিলিস্তিন রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
গতকাল (বুধবার) আমেরিকার একদল ইহুদি ও খ্রিস্টান নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এ মন্তব্য করেন ডেভিড ফ্রাইডম্যান। বৈঠকের কয়েকটি সূত্র টাইমস অব ইসরাইলকে এ তথ্য জানিয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, রাষ্ট্র হিসেবে পরিপূর্ণভাবে কাজ করতে গেলে যে সমস্ত প্রতিষ্ঠান প্রয়োজন হয় তা গড়ে তোলার জন্য অনেক সময় লাগবে। এজন্য মার্কিন প্রশাসন কথিত শান্তি পরিকল্পনায় চার বছরের সময়সীমার কথা উল্লেখ করেছে।
আন্তর্জাতিক সমস্ত বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার কথিত সেঞ্চুরি বা শতাব্দির সেরা চুক্তি প্রকাশ করেন। এসময় হোয়াইট হাউসে তার পাশে ছিলেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেখানে উপস্থিত ছিলেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস; বরং তিনি এই চুক্তি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠন এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। মাহমুদ আব্বাস বলেছেন, ট্রাম্পের পরিকল্পনার স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।#
পার্সটুডে/এসআইবি/৩০