তুরস্কের মসজিদে দায়েশের রকেট হামলায় নিহত ১, আহত ২৬
তুরস্কের একটি মসজিদে দায়েশের রকেট হামলায় ১ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় তুরস্কের সীমান্তবর্তী শহর কিলস’এর একটি মসজিদের ওপর এ হামলা চালানো হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর অব্যাহত হামলা থেকে এ অঞ্চলকে রক্ষা করা হবে বলে তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর ঘোষণার পরপরই এ হামলা চালানো হলো।
মসজিদটি ওই এলাকার গভর্নরের দফতর থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত। গত কয়েক সপ্তাহ ধরেই সিরিয়া সীমান্তের সন্ত্রাসী নিয়ন্ত্রিত এলাকা থেকে ওই এলাকার ওপর বারবার রকেট হামলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, মোটর সাইকেলে করে সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢোকে এবং তাদেরকে লক্ষ্য করে হামলা চালানোর আগেই গুলি চালিয়ে পালিয়ে যায়।
এর আগে ওই এলাকার পার্শ্ববর্তী তুর্কি নগরী গাজিয়ানতেপ পরিদর্শনের সময়ে দাউদওগ্লু বলেছিলেন, এ জাতীয় হামলা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।#
মূসা রেজা/২৫