সন্ত্রাসীদের রক্ষার জন্য তুরস্কের সামরিক বহর ঢুকেছে ইদলিবে
https://parstoday.ir/bn/news/west_asia-i77252-সন্ত্রাসীদের_রক্ষার_জন্য_তুরস্কের_সামরিক_বহর_ঢুকেছে_ইদলিবে
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে রক্ষার জন্য তুরস্কের সামরিক বাহিনীর একটি বহর ওই এলাকায় প্রবেশ করেছে। ইদলিব প্রদেশে সিরিয়ার সামরিক বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযান চালাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৪:৫৪ Asia/Dhaka
  • তুরস্কের সামরিক বহর
    তুরস্কের সামরিক বহর

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে রক্ষার জন্য তুরস্কের সামরিক বাহিনীর একটি বহর ওই এলাকায় প্রবেশ করেছে। ইদলিব প্রদেশে সিরিয়ার সামরিক বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযান চালাচ্ছে।

সিরিয়ার সামরিক বাহিনী বলছে, যখন ইহুদিবাদী ইসরাইল বারবার আরব এ দেশটির ওপর আগ্রাসন চালাচ্ছে ঠিক তখনই তুরস্ক একইভাবে সেনাবহর পাঠিয়ে সন্ত্রাসীদের রক্ষার চেষ্টা করছে।

সিরিয়ার সামরিক বাহিনীর জেনারেল কমান্ডের একটি বিবৃতি উল্লেখ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, তুরস্কের একটি সামরিক বহর সিরিয়ার ইদলিব প্রদেশের ওগ্লিনার এলাকায় ঢুকে পড়েছে। এ সামরিক বহরে বেশকিছু সাঁজোয়া যান রয়েছে এবং সেগুলোকে বিনিশ, মা’রেত-মাসরিন এবং তাফতানাজ শহরের মাঝে মোতায়েন করা হয়েছে।

সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

এর আগে, গতকাল ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে বেশ কয়েকদফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যদিও সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সেসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সিরিয়ার সামরিক বাহিনীর জেনারেল কমান্ড বলেছে, যে দেশই আগ্রাসী শক্তি হোক না কেন এবং যে রূপেই তারা আগ্রাসন চালাতে আসুক- সিরিয়ার সামরিক বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত রয়েছে। সিরিয়ার সেনাবাহিনী আরো বলেছে, ইসরাইল ও তুরস্ক যুগপৎ সন্ত্রাসীদেরকে সমর্থন দিচ্ছে কিন্তু তাকফিরি গোষ্ঠীগুলোর পতন তারা ঠেকাতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/৬