ইসরাইলের নির্বাচনে বর্ণবাদের জয় হয়েছে: ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন
https://parstoday.ir/bn/news/west_asia-i77982-ইসরাইলের_নির্বাচনে_বর্ণবাদের_জয়_হয়েছে_ফিলিস্তিনের_বিভিন্ন_সংগঠন
ফিলিস্তিনের বিভিন্ন দল ও সংগঠন বলেছে, ইসরাইলের সংসদ নির্বাচন দখলদারদের বিরুদ্ধে সংগ্রামে কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনের ফলাফল থেকে ইহুদিবাদীদের বর্ণবাদ স্পষ্ট হয়েছে বলেও তারা জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০২০ ১৪:৩৩ Asia/Dhaka
  • সায়েব আরিকাত
    সায়েব আরিকাত

ফিলিস্তিনের বিভিন্ন দল ও সংগঠন বলেছে, ইসরাইলের সংসদ নির্বাচন দখলদারদের বিরুদ্ধে সংগ্রামে কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনের ফলাফল থেকে ইহুদিবাদীদের বর্ণবাদ স্পষ্ট হয়েছে বলেও তারা জানিয়েছে।

সোমবার ইহুদিবাদী ইসরাইলে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগণনার পর দেখা গেছে, বর্ণবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন দল সবচেয়ে বেশি আসন পেয়েছে। গত ১১ মাসে এটি সেখানে তৃতীয় সংসদ নির্বাচন।

ফিলিস্তিনের মুক্তি সংস্থা পিএলও'র কার্যনির্বাহী পরিষদের মহাসচিব সায়েব আরিকাত তার টুইটার পেইজে লিখেছেন, ইসরাইলের নির্বাচনে বর্ণবাদ, অবৈধ উপশহর নির্মাণ এবং ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির অন্যায় তৎপরতা বিজয়ী হয়েছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন বা হামাসের মুখপাত্র ফৌজি বারহুম বলেছেন, ফিলিস্তিনি সংগঠনগুলোর কাছে ইসরাইলের বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতি গুরুত্বপূর্ণ নয়। তিনি আরও বলেন, ইসরাইলে যেসব পরিবর্তন ঘটছে তা দখলদারিত্ব প্রতিষ্ঠার পরিকল্পনারই অংশ। এর লক্ষ্য হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের ভিত্তিগুলোকে জোরদার করা এবং ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নেওয়া।

ইসলামি জিহাদের মুখপাত্র দাউদ শাহাব বলেছেন, তারা ফিলিস্তিনি জাতির প্রতিরোধ ও দৃঢ়তার ওপর নির্ভর করে সংগ্রাম অব্যাহত রাখবে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।