‘অস্ত্র উৎপাদক দেশ হতে চায় সৌদি আরব’
অস্ত্র উৎপাদনকারী দেশে পরিণত হওয়ার বিষয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক দেশ সৌদি আরব। এ পরিকল্পনার আওতায় দেশটি তার নিজের চাহিদার অর্ধেক মেটাবে অভ্যন্তরীণভাবে উৎপাদিত অস্ত্র দিয়ে।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ বিন সালমান গতকাল (সোমবার) জানিয়েছেন, তার দেশ নাটকীয়ভাবে অস্ত্র উৎপাদন বাড়াবে। এতে সৌদি আরব তার প্রয়োজনীয় অস্ত্রের শতকরা ৩০ থেকে ৩৫ ভাগ অভ্যন্তরীণ কোম্পানির কাছ থেকে কিনবে।
কথিত ভিশন-২০৩০ এর আওতায় সৌদি আরব অস্ত্র উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ বিভিন্ন ধরনের বাড়তি ব্যয় কমানোর চিন্তা করছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে সৌদি আরব মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। গত এক বছর ধরে ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে এ সংকট বেড়ে গেছে অনেক বেশি।
সৌদি আরব হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক ব্যয়ের দেশ। চলতি মাসের প্রথম দিকে স্টকহোমভিত্তিক ‘ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ জানিয়েছে, গত বছর সৌদি আরব ৮,৭২০ কোটি ডলারের অস্ত্র কিনেছে।#
সিরাজুল ইসলাম/২৬