বিশ্বকে বিভ্রান্ত করতেই সৌদির যুদ্ধবিরতি ঘোষণা
-
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা (সাম্প্রতিক ছবি)
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্য সৌদি আরব যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছে; প্রকৃতপক্ষে তারা যুদ্ধবিরতি মেনে চলছে না।
হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুস সালাম গতকাল (রোববার) তার অফিসিয়াল টুইটার পেইজে এক পোস্টে একথা বলেন। তিনি বলেন, বিশ্ব জনমত ভিন্নদিকে প্রবাহিত করার জন্য সৌদি আরব যুদ্ধবিরতির কথা বলছে অথচ তারা ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন জোরদার করেছে। একইসঙ্গে সৌদি আরবের পক্ষ থেকে চাপিয়ে দেয়া অবরোধও অব্যাহত রয়েছে।
আব্দুস সালাম বলেন, “সৌদি আরবের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা চরম প্রতারণা এবং বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার কৌশল। এই যুদ্ধবিরতি যদি সত্যি হতো তাহলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রস্তাব পাস করে আগ্রাসন বন্ধের ব্যবস্থা করা হতো।”
এর আগে গত ৯ এপ্রিল আব্দুস সালাম আরবি ভাষার আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, সৌদি আরবের পক্ষ থেকে ঘোষণা করা যুদ্ধবিরতি রাজনৈতিক ফাঁকা গুলি ছাড়া কিছু নয়।
এদিকে, হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর রিয়াদ ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব এবং বাইদা প্রদেশে কয়েক দফা হামলা চালিয়েছে যা ইয়েমেনি সামরিক বাহিনী প্রতিহত করেছে।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।