নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি: ইউরোপীয় ইউনিয়নের কপটতার প্রতিবাদ করল সিরিয়া
-
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর আরো এক বছরের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দামেস্ক সরকার।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, বেশিরভাগ মৌলিক মানবীয় আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এই নিষেধাজ্ঞা। এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, তার দেশের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো আকস্মিক ঘটনা নয়। এর আগে যেহেতু আমেরিকা একই পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এটি অনেকটাই স্বাভাবিক। তবে ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপের মাধ্যমে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নতুন করে প্রশ্নের মুখে পড়ল। একইসঙ্গে তারা মার্কিন নীতির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে।
সিরিয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র বলছে, “ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তের মাধ্যমে পরিষ্কার হলো যে, সিরিয়া-যুদ্ধে তারা গভীরভাবে জড়িত এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে এসেছে। ফলে সিরিয়ায় যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে এবং দেশের জনগণ যে দুর্ভোগের মধ্যে রয়েছে তার জন্য ইউরোপীয় ইউনিয়ন সম্পূর্ণভাবে দায়ী। তারা এখন সিরিয়ার জনগণের বিরুদ্ধে এই নিষ্ঠুর এবং অন্যায় নিষেধাজ্ঞা দিচ্ছে।”
এর আগে, গতকাল দিনের প্রথম দিকে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে সিরিয়ার বিরুদ্ধে ইউরোপীয় জোটের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়। এর আওতায় পড়বেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং দেশটির শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা এবং শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতারা। ইউরোপীয় ইউনিয়নের ঘোষণা অনুযায়ী, ২০২১ সালের পহেলা জুন পর্যন্ত সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে। গত এক দশক ধরে সিরিয়ার বিরুদ্ধে এই অনায্য নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৯