ইরাকের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার হাশেমি নিহত: নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i81255-ইরাকের_প্রখ্যাত_রাজনৈতিক_ভাষ্যকার_হাশেমি_নিহত_নিন্দা_জানাল_ইরান
ইরাকের প্রখ্যাত নিরাপত্তা ও রাজনৈতিক ভাষ্যকার হিশাম আল-হাশেমি রাজধানী বাগদাদে নিজ বাসভবনের সামনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল (সোমবার) একটি টেলিভিশন চ্যানেলের টক-শো’তে অংশগ্রহণ শেষে নিজ বাসভবনে ফিরে আসার সময় বাসার সামনে তার ওপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০২০ ০৫:৪৯ Asia/Dhaka
  • হিশাম আল-হাশেমি
    হিশাম আল-হাশেমি

ইরাকের প্রখ্যাত নিরাপত্তা ও রাজনৈতিক ভাষ্যকার হিশাম আল-হাশেমি রাজধানী বাগদাদে নিজ বাসভবনের সামনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল (সোমবার) একটি টেলিভিশন চ্যানেলের টক-শো’তে অংশগ্রহণ শেষে নিজ বাসভবনে ফিরে আসার সময় বাসার সামনে তার ওপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।

হাশেমি ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির উপদেষ্টা ছিলেন এবং তিনি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশসহ ইরাকের সন্ত্রাসবিরোধী যুদ্ধ সম্পর্কে বিশ্লেষণধর্মী প্রবন্ধ-নিবন্ধ ও বই লিখেছেন।

ইরাক সরকার এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোনো দল বা গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ (আইএস) হাশেমিকে হত্যা করার কথা স্বীকার করেছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

বাগদাদস্থ ইরান দূতাবাস

বাগদাদস্থ ইরান দূতাবাস সোমবার রাতে এক বিবৃতিতে হিশাম আল-হাশেমির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যারা এর নেপথ্যে ভূমিকা পালন করেছে তারা ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। ইরান দূতাবাসের বিবৃতিতে ইরাকের টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি তেহরানের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

ইরাকের জনপ্রিয় সন্ত্রাস বিরোধী নিরাপত্তা বাহিনী ‘হাশদ আশ-শা’বি’ও হিশাম আল-হাশেমির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।