আলেপ্পো লড়াই: সিরিয়াকে চাপ দেবে না রাশিয়া
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ বলেছেন, আলেপ্পোয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় বিমান হামলা বন্ধ করতে সিরিয়া সরকারকে চাপ দেবে না মস্কো। তিনি বলেন, হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করলে সন্ত্রাসীরা তাতে উসকানি পাবে।
সৌদিভিত্তিক সিরিয়ার কথিত বিরোধী জোট ‘হাই নেগোশিয়েন্স কমিটি’ বা এইচএনসি আলেপ্পোয় হামলা বন্ধের দাবি জানিয়েছে। এ দাবির জবাবে গাতিলভ বলেন, “আমরা দামেস্ক সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যাচ্ছি না কারণ সবাইকে বুঝতে হবে যে, আলেপ্পোয় আজকে যে অবস্থা তৈরি হয়েছে তা হয়েছে মূলত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের কারণে।”
রুশ মন্ত্রী স্পষ্ট করে বলেন, আলেপ্পোয় সিরিয় বাহিনীর হামলা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করছে। গত কিছুদিন ধরে আলেপ্পোয় সিরিয়ার সরকারি বাহিনী ও সন্ত্রাসীদের মদ্যে তীব্র লড়াই হচ্ছে।
এইচএনসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দামেস্ক সরকার যদি আলেপ্পোয় হামলা বন্ধ না করে তাহলে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে তা সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে যাবে। সিরিয়ার মাটিতে এ গোষ্ঠীর বহু সন্ত্রাসী তৎপর রয়েছে।
গাতিলভ আরো বলেন, আলেপ্পোয় অভিযান চলছে মূলত জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব অনুসারে। ওই প্রস্তাবে বলা হয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার অধিকার সিরিয়া সংরক্ষণ করে। এছাড়া, আমেরিকা ও রাশিয়ার সমঝোতায় যে যুদ্ধবিরতি চলছে তাতে বলা হয়েছে- উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও আন-নুসরা ফ্রন্ট এ চুক্তির আওতায় আসবে না।#
সিরাজুল ইসলাম/৩০