'ইরানের সামরিক মহড়ার সময় মার্কিন সেনারা বাংকারে ছিল’
-
সংযুক্ত আরব আমিরাতের আল-জাফরা বিমানঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনা (ফাইল ফটো)
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সামরিক মহড়া চলার সময় পারস্য উপসাগরীয় দেশগুলোতে মোতায়েন মার্কিন সেনাদেরকে বাংকারে থাকার নির্দেশ দেয়া হয়েছিল।
পারস্য উপসাগর এবং কৌশলগত হরমুজ প্রণালীর বিস্তীর্ণ এলাকায় গতকাল (মঙ্গলবার) ইরানের সামরিক মহড়ার সময় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এ কারণে অনেকটা ভয়েই মার্কিন সেনাদেরকে বাংকারে থাকার নির্দেশ দেয়া হয়।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এবং আরো কিছু সূত্রের বরাত দিয়ে বিবিসি’র সাংবাদিক নাফিসে কোহনাভার্দ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কারণে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারে মোতায়েন সেনাদেরকে স্বল্পসময়ের জন্য উচ্চ সতর্কতায় রাখা হয়েছিল। নাফিসে বলেন, তার সূত্রগুলো তাকে বিষয়টি নিশ্চিত করেছে।
অন্য কয়েকটি সূত্রও বলেছে, সংযুক্ত আরব আমিরাতের আল-জাফরা এবং কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদেরকে বাংকারে থাকতে বলা হয়েছিল।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।