'ইরাকে মার্কিন দূতাবাসই রকেট হামলা করাচ্ছে'
-
বাগদাদে রকেট হামলা পরবর্তী একটি দৃশ্য (ফাইল ফটো)
ইরাকের জনপ্রিয় সংগঠন হাশ্দ আশ শাবির সাইয়্যেদুশ শুহাদা ব্রিগেডের মুখপাত্র কাজিম আল ফারতুসি বলেছেন, রাজধানী বাগদাদে রকেট হামলার সঙ্গে মার্কিন দূতাবাস নিজেই জড়িত।
তিনি আজ (সোমবার) সংবাদ মাধ্যম 'শাফাক নিউজ'-কে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, ইরাকে বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে তারা জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরণের কিছু লক্ষ্য বাস্তবায়নের জন্য বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসই তাদের সমর্থনপুষ্ট অনুচরদের দিয়ে রকেট হামলার ঘটনা ঘটাচ্ছে।
কাজিম আল ফারতুসি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রকেট হামলা করিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করছে যাতে অতীতের মতো আবারও হাশ্দ আশ শাবিসহ প্রতিরোধকামী সংগঠনগুলোর অবস্থানে হামলা চালাতে পারে।
তিনি বলেন, মার্কিন মদদপুষ্টরা সম্প্রতি বাগদাদের রেজওয়ানিয়া এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে রকেট ছুড়েছে। এর ফলে নারী ও শিশুসহ সাত বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।