হয় সত্যিকারের শান্তি, না হয় যুদ্ধ: হুথি আন্দোলন
-
সমাবেশে বক্তৃতা করছেন আলী আল-হুথি
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার বলেছে, হয় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির মাধ্যমে দেশে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করতে হবে আর না হয় তারা চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকবে।
ইয়েমেনি সরকার আরো বলেছে, বাইরের চাপিয়ে দেয়া কোনো শান্তিপ্রক্রিয়া তারা মানবে না। একইসঙ্গে সৌদি আরবের প্রতি সমর্থন বন্ধ করতে আমেরিকা ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে দেয়া বক্তৃতায় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মুহাম্মাদ আলী আল-হুথি এসব কথা বলেছেন। গতকাল ইয়েমেনের রাজধানী সানায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলী আল-হুথি সুস্পষ্ট ভাষায় ঘোষণা দেন যে, যুদ্ধবিরতির মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা না গেলে তার দেশের জনগণ মাতৃভূমির সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার জন্য সর্বশেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত রয়েছে।
মধ্যাঞ্চলীয় মা'রিব প্রদেশে হুথি আন্দোলন সমর্থিত সেনাদের চলমান সামরিক অভিযানের কথা উল্লেখ করে আলী আল-হুথি বলেন, সেখানকার জনগণ সানা সরকারের প্রতি অনুগত।#
পার্সটুডে/এসআইবি/২৭