সিরিয়ায় অবৈধ মার্কিন ও ইসরাইলি হামলা এবং দামেস্কের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i88142-সিরিয়ায়_অবৈধ_মার্কিন_ও_ইসরাইলি_হামলা_এবং_দামেস্কের_প্রতিবাদ
সিরিয়া গত ৭২ ঘণ্টায় জাতিসংঘের মহাসচিব ও এ সংস্থার নিরাপত্তা পরিষদ প্রধানের কাছে পৃথক দু'টি চিঠি পাঠিয়ে এই দেশটির ওপর সাম্প্রতিক বিদেশি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
মার্চ ০২, ২০২১ ১৫:৫৯ Asia/Dhaka
  • সিরিয়ায় ইসরাইলি জঙ্গি বিমানের হামলা (ফাইল ছবি)
    সিরিয়ায় ইসরাইলি জঙ্গি বিমানের হামলা (ফাইল ছবি)

সিরিয়া গত ৭২ ঘণ্টায় জাতিসংঘের মহাসচিব ও এ সংস্থার নিরাপত্তা পরিষদ প্রধানের কাছে পৃথক দু'টি চিঠি পাঠিয়ে এই দেশটির ওপর সাম্প্রতিক বিদেশি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা-মন্ত্রণালয় পেন্টাগন গত শুক্রবার জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে ইরাক সীমান্তবর্তী পূর্ব সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী ইরাকি বাহিনীগুলোর কয়েকটি অবস্থানে বোমা ফেলেছে মার্কিন বিমান। গত বৃহস্পতিবার বিকেলে এইসব বাহিনীর ব্যবহৃত অবকাঠামোগুলোর ওপর কয়েক দফা বিমান হামলা চালায় মার্কিন বিমান। আবু কামাল ও আলক্বায়েম অঞ্চলের মাঝামাঝি এলাকায় ওইসব হামলা চালায় আগ্রাসী মার্কিন বাহিনী। ওই হামলায় অন্তত একজন নিহত ও চার জন আহত হয়। 

মার্কিন ওই হামলার রেশ না কাটতেই গত রোববার রাতে দখলদার ইসরাইলি জঙ্গি বিমান অধিকৃত গোলান অঞ্চল থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

সিরিয়ার সরকার মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে মার্কিন ও ইসরাইলি ওই হামলার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের মহাসচিব ও এ সংস্থার নিরাপত্তা পরিষদ প্রধানের কাছে পৃথক দু'টি চিঠি পাঠিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলো দুর্বল হয়ে পড়ায় এইসব আগ্রাসন সন্ত্রাসীদের হতাশা দূর করার ও মনোবল বাড়ানোরই প্রচেষ্টা। সিরিয়ার ওপর এইসব বিদেশী হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন।  

ইহুদিবাদী ইসরাইল ছাড়াও  মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা অনেক দেশ এবং কয়েকটি আরব সরকার সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন এনে সেখানে ইসরাইল ও মার্কিন-বান্ধব সরকার বসাতে চেয়েছে জোর করে। কিন্তু এ লক্ষ্যে তাদের পরিচালিত এক দশকের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাই সিরিয়ার বৈধ সরকারকে তথা বাশার আসাদের সরকারকে দুর্বল রাখতে রাষ্ট্রীয় সন্ত্রাসের দুই শীর্ষ শক্তি মার্কিন ও ইহুদিবাদী সরকার সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের ইশতিহার বা সনদ অনুযায়ী সিরিয়া তার জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পন্থা ব্যবহারের অধিকার রাখে বলে জাতিসংঘে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে দামেস্ক।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার প্রতিনিধি তার দেশে মার্কিন ও ইসরাইলি হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার সরকার ও জনগণ যখন করোনা ভাইরাসের মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে তখন সেখানে সুপরিকল্পিত মার্কিন ও ইহুদিবাদী হামলার প্রতি বিশ্ব-সমাজের নিরবতা আগ্রাসী এই শক্তিগুলোকে অমানবিক আগ্রাসন ও সম্প্রসারণকামী অবৈধ তৎপরতা চালিয়ে যেতেই উৎসাহ যোগাবে। 

বাইডেন সরকার ট্রাম্পের নীতির বিরোধী বলে দাবি করে আসলেও এই সরকার যে বাস্তবে কেবল ট্রাম্পের অশান্তি বিস্তার নীতিরই অনুসরণ করছে তা নয় বরং ওয়াশিংটনের যুদ্ধকামী তৎপরতা আগের চেয়েও বাড়িয়ে দিয়েছে। আর মার্কিন সরকারের ইঙ্গিতে ইসরাইলও সিরিয়ায় হামলার মাত্রা জোরদার করেছে।   #

পার্সটুডে/এমএএইচ/ ২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।