দায়েশের ওপর আঘাতের ক্ষেত্রে অন্যদের চেয়ে তুরস্ক অগ্রগামী!
https://parstoday.ir/bn/news/west_asia-i8821-দায়েশের_ওপর_আঘাতের_ক্ষেত্রে_অন্যদের_চেয়ে_তুরস্ক_অগ্রগামী!
দায়েশ বা আইএসআইএলের ওপর আঘাতের ক্ষেত্রে তুরস্ককে অন্যদের চেয়ে অগ্রগামী হিসেবে দাবি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সিরিয়ায় তৎপর দায়েশ বা আইএসআইএলের প্রতি তুর্কি সরকারের ব্যাপক সমর্থনের বিষয়টি যখন প্রায় সবার কাছে প্রমাণিত ঠিক তখনই তিনি এ দাবি করলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০১৬ ০৬:৪১ Asia/Dhaka
  • দায়েশের ওপর আঘাতের ক্ষেত্রে অন্যদের চেয়ে তুরস্ক অগ্রগামী!

দায়েশ বা আইএসআইএলের ওপর আঘাতের ক্ষেত্রে তুরস্ককে অন্যদের চেয়ে অগ্রগামী হিসেবে দাবি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সিরিয়ায় তৎপর দায়েশ বা আইএসআইএলের প্রতি তুর্কি সরকারের ব্যাপক সমর্থনের বিষয়টি যখন প্রায় সবার কাছে প্রমাণিত ঠিক তখনই তিনি এ দাবি করলেন।

প্রেসিডেন্ট এরদোগান ইস্তাম্বুলে শর্ট ফিল্ম বিষয়ক একটি অনুষ্ঠানে দাবি করেছেন, ‘আমরা সিরিয়ায় দায়েশের ওপর যতটা আঘাত হানতে পেরেছি দায়েশ বিরোধী যুদ্ধের দাবিদার অন্য কেউ ততটা আঘাত হানতে পারেনি।'

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মার্কিন নেতৃত্বে আইএসআইএল বা দায়েশ বিরোধী কথাকথিত আন্তর্জাতিক জোটে আঙ্কারাকে বিচ্ছিন্ন করে রাখার সমালোচনা করেছেন। ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান সম্প্রতি তার দেশে দায়েশ সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে বলেছেন, এ পরিস্থিতিতে সন্ত্রাস বিরোধী জোট তুরস্ককে একা ফেলে রেখেছে।

তুরস্কের সীমান্তবর্তী কিলিস শহরে সম্প্রতি সিরিয়া ভূখণ্ড থেকে রকেট হামলার ঘটনা ঘটেছে।

তুরস্ক সরকার নিজেই উগ্র তাকফিরি বা দায়েশ সন্ত্রাসী গ্রুপগুলোকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে সিরিয়ায় সংকট তৈরি করেছে এবং এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্যই কার্যত নিরাপত্তাহীন হয়ে পড়েছে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা সন্ত্রাসীরা প্রথমে তুরস্কে এসে জড়ো হচ্ছে এবং এর পর তারা সিরিয়ায় প্রবেশ করছে। তুরস্কে তাকফিরি সন্ত্রাসীদের বেশ কিছু কেন্দ্র এখনো সক্রিয় রয়েছে।#

মোঃ রেজওয়ান হোসেন/৯