আবারো সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলায়
-
ইয়েমেনে তৈরি কাসেফ-টু কে ড্রোন
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারো সৌদি আরবের দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। আজ (রোববার) সকালে সৌদি আরবের জিজান প্রদেশের কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দর এবং আসির প্রদেশের কিং খালিদ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক টুইটার পোস্টে জানিয়েছেন, সৌদি আরবের এই দুটি বিমানবন্দরের হ্যাঙ্গার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি কাসেফ-টু কে ড্রোন ব্যবহার করা হয় ওই হামলায়। জেনারেল সারিয়ি জানান, ড্রোনগুলো অত্যন্ত নিখুঁতভাবে সৌদি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, দারিদ্র্যপীড়িত দেশটির ওপর সৌদি আরব এবং তার আরব মিত্ররা গত ছয় বছর ধরে যে বর্বর ও ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে চালানো এই হামলা সম্পূর্ণভাবে বৈধ। সৌদি আগ্রাসনে ইয়েমেনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত ও সরকারি-বেসরকারি সম্পদের মারাত্মক ক্ষতি হয়েছে। সৌদি আগ্রাসনে কার্যত ইয়েমেন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১১