মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা; ইরানে আগামীকাল
https://parstoday.ir/bn/news/west_asia-i94830-মধ্যপ্রাচ্যের_বিভিন্ন_দেশে_পালিত_হচ্ছে_ঈদুল_আজহা_ইরানে_আগামীকাল
সৌদি আরব, ফিলিস্তিন, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের কয়েকটি দেশে আজ (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০২১ ১৩:৪৩ Asia/Dhaka
  • নামাজ পড়ছেন বাশার আসাদ ও তার সঙ্গীরা
    নামাজ পড়ছেন বাশার আসাদ ও তার সঙ্গীরা

সৌদি আরব, ফিলিস্তিন, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের কয়েকটি দেশে আজ (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

তবে ইরান, বাংলাদেশ ও ভারতসহ অনেক দেশেই ঈদ উদযাপিত হবে আগামীকাল।  আরবি জিলহজ্ব মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানেরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করে থাকেন। আরবি তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপনে দু-একদিন তারতম্য হয়।

করোনা মহামারির কারণে সৌদি আরবে এবারও হজ পালিত হচ্ছে সীমিত পরিসরে। এ বছর কেবল ৬০ হাজার মুসলমান হজে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। আজ তারাও পশু কুরবানি করেছেন। যারা হজে যোগ দেননি তাদেরও অনেকেই প্রতি বছরের মতো ঈদের নামাজে অংশ নিয়েছেন এবং কুরবানি করেছেন।

ফিলিস্তিনিরা ঈদ উদযাপন করছেন উত্তেজনাকর পরিস্থিতিতে। পবিত্র মসজিদুল আকসায় হাজার হাজার ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করেছেন। সেখানে গতকালও হামলা চালিয়েছে উগ্র ইহুদিবাদীরা। ইসরাইলি বাহিনী উগ্র ইহুদিবাদীদের জন্য মসজিদ প্রাঙ্গন উন্মুক্ত করে দিয়েছে।   

আজ ঈদুল আজহা উদযাপিত হয়েছে সিরিয়াতেও। দেশটির হোমস শহরে খালিদ বিন ওয়ালিদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ সময় সেখানে দেশটির মুফতি শেইখ আহমাদ বদরউদ্দিন হাসুনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ তুরস্কেও ঈদ উদযাপিত হয়েছে।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঈদুল আজহা। কুয়েতেও স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছে ঈদের নামাজ।#

পার্সটুডে/এসএ/২০  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।