জমে উঠেছে ইরাকে পার্লামেন্ট নির্বাচন: যে কারণে এবারের নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ
https://parstoday.ir/bn/news/west_asia-i98364-জমে_উঠেছে_ইরাকে_পার্লামেন্ট_নির্বাচন_যে_কারণে_এবারের_নির্বাচন_বেশ_গুরুত্বপূর্ণ
ইরাকে আগাম সংসদ নির্বাচন হতে আর মাত্র দুই দিন বাকি রয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসি জানিয়েছেন, ৭ অক্টোবর চতুর্থ পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এটিকে ভেঙে দেয়া হয়েছে। ফের নির্বাচনের পর নতুন পার্লামেন্ট গঠন করা হবে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
অক্টোবর ০৮, ২০২১ ১৩:২১ Asia/Dhaka

ইরাকে আগাম সংসদ নির্বাচন হতে আর মাত্র দুই দিন বাকি রয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসি জানিয়েছেন, ৭ অক্টোবর চতুর্থ পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এটিকে ভেঙে দেয়া হয়েছে। ফের নির্বাচনের পর নতুন পার্লামেন্ট গঠন করা হবে।

তবে কিছু সংস্থা যেমন সশস্ত্র বাহিনী, শরণার্থী ও কারাবন্দীদের ভোট দেয়ার কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। ইরাকের নির্বাচন কমিশন জানিয়েছে এই তিন শ্রেণীর মোট ভোটার সংখ্যা ১২ লাখ। এরপর সাধারণ মানুষ ১০ অক্টোবরের ভোট গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে। ৩২৯ টি আসনের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইরাকে পঞ্চম পার্লামেন্ট নির্বাচনের কিছু নতুনত্ব ও গুরুত্বপূর্ণ দিক রয়েছে।

প্রথমত, এর আগে চার দফা নির্বাচন হলেও এবারই প্রথম ইরাকে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দ্বিতীয়ত, এর আগের কোনো নির্বাচনই ইরাকের অস্থায়ী সরকারের তত্বাবধানে অনুষ্ঠিত হয়নি। কিন্তু বর্তমান মোস্তফা আল কাজেমি সরকার হচ্ছে অস্থায়ী যার তত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তৃতীয়ত, এর আগে ১৮টি প্রদেশে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও কারা ওই শহরের প্রতিনিধি তা স্পষ্ট হয়নি কিন্তু এবার ৮৩টি কেন্দ্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারই প্রথম এই কেন্দ্রগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন বিভিন্ন প্রদেশের শিয়া মুসলিম অধ্যুষিত ৩২টি কেন্দ্র, বাগদাদের ১৭টি কেন্দ্র এবং শিয়া ও সুন্নি মুসলমানদের মিশ্রণে ২২টি কেন্দ্র এবং কুর্দিস্তানের ১২টি কেন্দ্রে ভাগ করা হয়েছে।

চতুর্থত: ইরাকের বাগদাদ, নেইনাভা, বসরা, যেইকার ও সোলাইমানিয়া প্রদেশের প্রতিনিধিরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। পার্লামেন্টের ৭১টি আসন বাগদাদের, ৩৪টি আসন নেইনাভার, ২৫টি আসন বসরার, ১৯টি আসন যেইকার  এবং ১৮টি আসন সোলাইমানিয়া প্রদেশের। জনসংখ্যার কাঠামোর ওপর ভিত্তি করে পার্লামেন্টের  আসন সংখ্যাও বরাদ্দ দেয়া হয়েছে। এ কারণে পার্লামেন্টের মোট ৩২৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন ওই পাঁচটি প্রদেশের জন্য বরাদ্দ দেয়া হয়েছে যার  সংখ্যা অর্ধেকেরও বেশি।

পঞ্চমত: এবারের নির্বাচনে অন্তত ৮৩টি কেন্দ্রে নারীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন পার্লামেন্ট সদস্য বলেছেন অন্তত দুইজন নারীর জেতার বিরাট সম্ভাবনা রয়েছে।

ষষ্ঠত: ইরাকি পার্লামেন্টে সংখ্যালঘুদের জন্য ৯টি আসন রয়েছে। এর মধ্যে খ্রিস্টানদের ৫টি আসন এবং অবশিষ্ট কুর্দি ফিলি, সায়েবিন ও ইযাদি সংখ্যালঘুদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ করে সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য যখন জোর দাবি উঠেছে এবং আইএস জঙ্গিরাও কোথাও কোথাও তৎপরতা শুরু করেছে তখন এই  নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তা ছাড়া পাশ্চাত্য ও কয়েকটি আরব দেশও এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করায় এখন সবার নজর নির্বাচনের ফলাফলের দিকে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।