সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে
-
ফয়সাল মিকদাদ ও আমির আব্দুল্লাহিয়ান (বাম থেকে)
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক কৌশলগত। এ সম্পর্ক আরও জোরদার হবে। তিনি আজ শনিবার দামেস্কে পৌঁছেই এ কথা বলেন।
আব্দুল্লাহিয়ান বলেন, সিরিয়ার সঙ্গে সব ক্ষেত্রেই সহযোগিতা জোরদারের চেষ্টা করা হবে। তিনি বলেন, সিরিয়ায় এখন উন্নয়ন-অগ্রগতি হচ্ছে। ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের সময় যেমন সিরিয়ার জনগণ ও সরকারের পাশে ছিল, তেমনি এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।
এ সময় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেন, পরমাণু ইস্যুতে ইরানের অবস্থানের প্রতি সিরিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। আমেরিকা ইরানের পরমাণু ইস্যুসহ আঞ্চলিক নানা বিষয়ে যেসব অপচেষ্টা চালাচ্ছে দামেস্ক তার নিন্দা জানায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ সিরিয়া সফর শুরু করেছেন। দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ।
ইরান ও সিরিয়ার মধ্যে অতীত থেকেই অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আইএস তথা সন্ত্রাসবাদ মোকাবলোয় সিরিয়াকে সার্বিক সহযোগিতা করছে ইরান।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।