‘আনসারুল্লাহর সঙ্গে আলোচনা করতে বললেন সৌদি প্রিন্স’
-
সৌদি ডেপুটি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে আলোচনা করার জন্য সানায় নিযুক্ত সৌদি আরবের কূটনীতিককে দায়িত্ব দিয়েছেন সৌদি ডেপুটি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান।
কুয়েতের রাজধানীতে কয়েকদিন ধরে চলা শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর তিনি সৌদি কূটনীতিকে এ দায়িত্ব দিলেন। মুজতাহিদ নামে সৌদি আরবের এক রাজনৈতিক কর্মীর টুইটার বার্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে লেবাননের আল-মানার ওয়েবসাইট। মুজতাহিদ তার টুইট বার্তায় আরো জানান, মুহাম্মাদ সালমান সৌদি সমর্থিত ইয়েমেনের রাজনৈতিক দলকে আনসারুল্লাহর সঙ্গে চুক্তি করার নির্দেশ দিয়েছেন।
মুজতাহিদ আরো জানিয়েছেন, সালমান যে প্রস্তাব দিয়েছেন তাতে ইয়েমেনের বিভিন্ন শহর থেকে সৌদি নেতৃত্বাধীন সেনা প্রত্যাহার ও অস্ত্র সমর্পণের কথা বলা হয়েছে। বিনিময়ে সৌদি সীমান্তে হুথি আনসারুল্লাহ যোদ্ধারা তাদের সমস্ত তৎপরতা বন্ধ করবে। তবে এ প্রস্তাবে মুহাম্মাদ বিন সালাম বলেছেন, পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে এবং তাতে আনসারুল্লাহর সমান প্রতিনিধিত্ব থাকবে।
মুজতাহিদ তার টুইট বার্তায় আরো জানান, আনসারুল্লাহ আন্দোলন সৌদি আরবের কাছে বড় অংকের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে। জবাবে প্রিন্স মুহাম্মাদ সে দাবি মেনে নিয়ে বলেছেন, একটি জাতীয় সম্মেলন করে এ ক্ষতিপূরণের অর্থ দেয়া হবে যাতে আনসারুল্লাহ ভাবতে না পারে যে, সৌদি আরব প্রতারণা করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০