'ইয়েমেনের মারিব প্রদেশ মুক্ত হচ্ছে, বিন সালমানের ভয় সেখানেই'
https://parstoday.ir/bn/news/west_asia-i99414-'ইয়েমেনের_মারিব_প্রদেশ_মুক্ত_হচ্ছে_বিন_সালমানের_ভয়_সেখানেই'
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, বৈরুত এবং রিয়াদের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপড়েনের মূল কারণ হচ্ছে ইয়েমেনের মারিব প্রদেশ মুক্ত হয়ে যাওয়ার ব্যাপারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভয়। এই ভয় থেকেই তিনি লেবাননের প্রতি ক্ষিপ্ত হয়েছেন এবং লেবাননের সঙ্গে সম্পর্ক সংকটাপন্ন পর্যায়ে নিয়ে গেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০২১ ১১:২৬ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঠিক
    সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঠিক

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, বৈরুত এবং রিয়াদের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপড়েনের মূল কারণ হচ্ছে ইয়েমেনের মারিব প্রদেশ মুক্ত হয়ে যাওয়ার ব্যাপারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভয়। এই ভয় থেকেই তিনি লেবাননের প্রতি ক্ষিপ্ত হয়েছেন এবং লেবাননের সঙ্গে সম্পর্ক সংকটাপন্ন পর্যায়ে নিয়ে গেছেন।

মারিব প্রদেশ মুক্ত করার জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে এবং বর্তমানে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেখানে সৌদি সমর্থিত ভাড়াটে বাহিনী পরাজয়ের মুখে রয়েছে। অন্যদিকে, ইয়েমেনে সৌদি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের প্রতি সবসময় সমর্থন দিয়ে এসেছে লেবানন।

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশিম শফিউদ্দিন গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেন, "এটি বিশ্বাস করার কোন যুক্তি নেই যে, লেবাননের তথ্যমন্ত্রীর মন্তব্যের জন্য সৌদি আরবের সঙ্গে বৈরুতের কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি হয়েছে বরং বিষয়টি তার চেয়েও অনেক বড় কিছু।"

তিনি বলেন, সৌদি আরবে যা কিছু ঘটছে সেটি অনেক বড় বিষয়। সৌদি আরব এবং পারস্য উপসাগরীয় আরব দেশগুলো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরীর পথে এগিয়ে যাচ্ছে, সৌদি-ইসরাইল ভবিষ্যৎ সম্পর্কের ব্যাপারে তারা লেবাননের পক্ষ থেকে কোনো সমালোচনা সহ্য করতে পারে না। অথচ আগামী কিছুদিনের মধ্যেই বিষয়টি জনসমক্ষে চলে আসবে।"

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংকট এবং উদ্বেগের মধ্যে বসবাস করেন। মারিব প্রদেশের পতনের পর তাকে কঠিন অবস্থায় পড়তে হবে। বিন সালমান মারিব প্রদেশের পতনের ব্যাপারে ভয়ের মধ্যে রয়েছেন।

লেবাননের স্থিতিশীলতাকে বানচাল করার জন্য এবং আমেরিকা ও সৌদি আরবের নিষেধাজ্ঞাকে কার্যকর করে লেবাননকে ধ্বংসের জন্য যারা কাজ করছেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হাশিম শফিউদ্দিন বলেন, "হিজবুল্লাহর আত্মত্যাগের কারণে লেবানন কখনো সেদিকে যাবে না এবং আমরা দেশের সংকট সমাধানের জন্য কাজ করব।"

হিজবুল্লাহ নেতা জোরালো ভাষায় বলেন, লেবাননের ভাগ্য সৌদি আরবের হাতে নয় বরং এটি আল্লাহর হাতে এবং যারা দেশের মর্যাদা রক্ষার জন্য আত্মত্যাগ করেছেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ।#

পার্সটুডে/এসআইবি/১