জাতিসংঘ দূতের অভিমত
আফগানিস্তানকে রক্ষায় তালেবানের সঙ্গে সহযোগিতা জরুরি
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
আফগানিস্তান বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ডেবরা লিয়ন্স বলেছেন, এই দেশটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে তালেবানের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের সমঝোতায় আসা জরুরি।
তিনি বলেন, আফগানিস্তানের দুর্ভিক্ষ এবং ক্ষুধা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যাপক পরিমাণে সহায়তা দিয়ে থাকতে পারে কিন্তু আফগানিস্তানের সামনে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জ দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে যা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন ব্যাপার।
গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্রিফিং করার সময় এইসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডেবরা লিওন্স। তিনি পরিষ্কার করে বলেন, আফগানিস্তানের জনগণের চলমান সংকট নিরসনের জন্য তালেবানের সঙ্গে সহযোগিতা করা অপরিহার্য।
গত আগস্ট মাসে আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করার পরপরই দেশটি থেকে তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি পালিয়ে যান এবং তালেবান ক্ষমতা দখল করে। পরবর্তীতে আমেরিকাসহ তার পশ্চিমা মিত্ররা আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং আমেরিকায় থাকা আফগানিস্তানের এক হাজার কোটি ডলার আটক করে। এর ফল দেশটি মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে।
এ সম্পর্কে ডেবরা লিয়ন্স নিরাপত্তা পরিষদকে বলেন, “এখন এটি পরিষ্কার যে, আফগানিস্তানের কার্যত কর্তৃপক্ষ তালেবানের সঙ্গে কাজ করা ছাড়া আফগান জনগণের সহযোগিতা করা সত্যিকার অর্থেই অসম্ভব। কিন্তু এই সত্য অনেকের পক্ষে গ্রহণ করা কঠিন তবুও এটি জরুরি।"
জাতিসংঘের বিশেষ দূত আরো বলেন, ছয় মাসের সিদ্ধান্তহীনতার কারণে আফগানিস্তানের মৌলিক সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা ক্ষয়ে যাচ্ছে এবং দেশটির জনগণ আরো বেশি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।#
পার্সটুডে/এসআইবি/৩