পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন: কড়া প্রতিক্রিয়া জানাল রাশিয়া
-
জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'যুদ্ধাপরাধী' আখ্যা দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন।
গতকাল হোয়াইট হাউজে ভাষণ দেওয়ার সময় ইউক্রেনে ১০০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণার পাশাপাশি পুতিনকে 'যুদ্ধাপরাধী' হিসেবে অভিহিত করেন বাইডেন।
হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে ‘যুদ্ধাপরাধী’ বলে মনে করেন কি না। প্রাথমিকভাবে বাইডেন এর উত্তরে ‘না’ বলেন। তবে পরে তিনি ওই সাংবাদিককে প্রশ্নটির ব্যাখ্যা দিতে বলেন। এরপর বলেন, ‘আমি মনে করি, তিনি একজন যুদ্ধাপরাধী।’ পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বাইডেন মন থেকেই পুতিনের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন।
এর পরপরই বাইডেনের মন্তব্যকে 'অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য' বলে প্রতিক্রিয়া জানায় রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, 'আমরা মনে করি একজন রাষ্ট্রপ্রধানের এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য বিশেষ করে যাদের বোমায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন।'
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরপর দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় আলোচনা হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিয়ে রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত। ইউক্রেনে সামরিক অভিযান ‘পরিকল্পনামাফিক’ চলছে বলেও জানান তিনি।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।