আন-নুসরা ফ্রন্টকে অস্ত্র দিচ্ছে তুরস্ক: রাশিয়া
রাশিয়া বলেছে, সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টকে অস্ত্রের যোগান দেয়া অব্যাহত রেখেছে তুরস্ক সরকার। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যাতে সিরিয়ার সেনারা বিজয়ী হতে না পারে সেজন্যই তুরস্ক এ পথ অনুসরণ করছে।
রাশিয়ার মেইন অপারেশন্স কমান্ডের জেনারেল স্টাফ সের্গেই রুদস্কয় আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। তিনি বলেন, প্রতিদিন তুরস্ক থেকে সীমান্ত পার হয়ে অস্ত্রবাহী ভারী ট্রাক সিরিয়ায় যাচ্ছে কিন্তু তুরস্কের পক্ষ থকে এসব ট্রাকের স্রোত থামানো হচ্ছে না।
তিনি বলেন, “তুরস্ক থেকে জাহাবাত আন-নুসরা এই জনবল ও অস্ত্র সরবরাহ পাওয়ার কারণে সিরিয়ার সরকারি সেনাদের ওপর উস্কানিমূলক হামলা চালানোর সুযোগ পাচ্ছে। ফলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে সিরিয়ার সেনাদের সমস্ত প্রচেষ্টা থেমে যাচ্ছে। জেনারেল রুদস্কয় সুস্পষ্ট অভিযোগ করেন, সিরিয়ায় যুদ্ধবিরতির সুযোগ নিয়ে আন-নুসরা সন্ত্রাসীরা নিজেদের যুদ্ধ-শক্তি ও হামলার সক্ষমতাকে সংগঠিত করেছে।
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭