রাশিয়া-ভীতি ছড়িয়ে দেয়ার পশ্চিমা প্রচারণা অব্যাহত
পরমাণু অস্ত্র ব্যবহারের রুশ নীতি ঘোষণার নানা রহস্য
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কখনও তার দেশের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি কেবল তখনই পরমাণু অস্ত্র ব্যবহার করবে মস্কো। সি এন এন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।
তার এই মন্তব্য এমন সময় এলো যখন ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ পরমাণু যুদ্ধের রূপ নিতে পারে বলে পশ্চিমা মহলগুলো থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এই উদ্বেগ বেশ জোরালো হয়ে ওঠে যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর তিন দিন পর (২৭ ফেব্রুয়ারি) তার দেশের কৌশলগত পরমাণু অস্ত্র ইউনিটের সেনাদের পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেন। পাশ্চাত্যের মদদপুষ্ট ইউক্রেনের সঙ্গে যুদ্ধে স্থানীয় সেনাদের প্রতিরোধ জোরদার হলে ও রুশ সেনাদের প্রচলিত যুদ্ধ করার ক্ষমতা কমে গেলে পুতিন পাশ্চাত্যের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিতে পারেন বলে পেন্টাগন এর আগেই মার্কিন কংগ্রেসকে জানিয়েছিল।
এ অবস্থায় রাশিয়া-ভীতি ছড়িয়ে দেয়ার পশ্চিমা প্রচারণা জোরদারের প্রেক্ষাপটে মস্কো আনুষ্ঠানিকভাবেই সাধারণ অবস্থায় পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি জানিয়ে দিল। কিন্তু পারমাণবিক নিরাপত্তা বিষয়ক রাশিয়ার এই গ্যারান্টির প্রতি পাশ্চাত্য খুব একটা আস্থাশীল হতে পারছে না বলেই মনে হচ্ছে। এর প্রমাণ হল পাশ্চাত্য, বিশেষ করে মার্কিন সরকার ইউক্রেনে রুশ হামলার অজুহাত তুলে এই প্রচারণা অব্যাহত রেখেছে যে মস্কো বিশ্বের নিরাপত্তাকে বিপদাপন্ন করেছে।
আসলে কৌশলগত পরমাণু অস্ত্র ইউনিটকে প্রস্তুত থাকার কথা বলে পুতিন ইউক্রেন যুদ্ধে ন্যাটো জোট ও মার্কিন সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ ও প্রতিক্রিয়া ঠেকাতে চেয়েছেন। তবুও পশ্চিমা শক্তিগুলো পুতিনের ওই নির্দেশকে অত্যাসন্ন হুমকি বলে তুলে ধরতে চেয়েছে।
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণবাদী কোনো কোনো পশ্চিমা নেতা রুশ পারমাণবিক হুমকির মোকাবেলায় পাশ্চাত্যকে মাথা ঠাণ্ডা রাখার আহ্বান জানিয়েছেন।
এটা স্পষ্ট মার্কিন সরকার তার পরমাণু অস্ত্রগুলোকে উন্নত করার বা নবায়নের পদক্ষেপ নেয়ায় ও রাশিয়ার সীমান্তের দিকে ন্যাটো জোটের বিস্তার ঘটানোর চেষ্টা করায় গত এক দশকে রাশিয়াও তার পরমাণু অস্ত্রগুলোকে উন্নত করার বা নবায়নের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। রাশিয়ার ঘরোয়া বিষয়ে পাশ্চাত্যের বার বার হস্তক্ষেপ ও নানা ধরনের অবন্ধুসুলভ আচরণও রাশিয়ার পারমাণবিক হুমকির সঙ্গে সম্পর্কহীন নয়। #
পার্সটুডে/এমএএইচ/২৩