ইউক্রেনের সঙ্গে আলোচনার ইচ্ছা নেই রাশিয়ার: ইইউ'র দাবি
-
জোসেপ বোরেল
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল দাবি করেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।
তিনি আজ (শুক্রবার) আরও বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে কোনো আলোচনায় আগ্রহী নয় বরং তারা চায় ইউক্রেনকে দখল করতে।
অবশ্য এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেন আলোচনার বিষয়ে আন্তরিক নয় এবং তারা আলোচনা প্রক্রিয়াকে বিলম্বিত করতে চায়। ইউক্রেন অবাস্তব প্রস্তাব তুলে ধরছে বলেও তিনি দাবি করেছিলেন।
২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর দুই দেশের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও কোনো ফলাফল বেরিয়ে আসেনি। তুরস্কের মধ্যস্থতায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক বসলেও কোনো কাজ হয়নি।
রাশিয়া বলছে, তারা ভূমি দখল নয় বরং ইউক্রেনকে নাৎসীমুক্ত ও নিরস্ত্রীকরণ করতে চায়।
মস্কো প্রথম থেকেই তার নিরাপত্তার নিশ্চয়তা দিতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়ে আসছে। কিন্তু ন্যাটো তাতে সাড়া দেয়নি। এছাড়া ইউক্রেন মিনস্ক চুক্তি লঙ্ঘন করছে বলেও ক্রেমলিনের কর্মকর্তারা বারবার স্মরণ করে দিচ্ছিলেন।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।