মারিওপলে আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান
সেনারা রাশিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে: ইউক্রেনের প্রধানমন্ত্রী
-
বিধ্বস্ত মারিওপল শহর
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিওপল শহরে অবস্থানরত সেনাদেরকে আত্মসমর্পণের জন্য রাশিয়া যে সময়সীমা বেঁধে দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে কিয়েভ সরকার। ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শ্মেহাল বলেছেন, তার দেশের সেনারা আত্মসমর্পণ করবে না বরং শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে মারিওপল শহরে লড়াই করবে।
তিনি বলেন, সেনারা জীবন বাজি রেখে শেষ পর্যন্ত লড়াই করতে চায় বলে এখনো মারিওপল শহরের পতন ঘটে নি। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি'র "দিস উইক" প্রোগ্রামে গতকাল (রোববার) তিনি এসব কথা বলেন। তার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়ার বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়।
পহেলা মার্চ থেকে মারিওপল শহর অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সেনারা এবং শহরটিতে ইউক্রেনের কত সেনা আটকা পড়েছে তা পরিষ্কার নয়।
এর একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি মারিয়াপল শহরে ইউক্রেনের সেনাদেরকে হত্যা করা হয় তাহলে মস্কোর সঙ্গে শান্তি আলোচনা বাতিল করা হবে। অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই বলেছেন যে, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা কানাগলিতে পড়েছে।
এবিসি নিউজের অনুষ্ঠানে ইউক্রেনের প্রধানমন্ত্রী আরো বলেন, “সম্ভব হলে রাশিয়ার সঙ্গে তার দেশ কূটনৈতিক সমাধান চায়, তবে রাশিয়া যদি আলোচনা না চায় তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াই করব, আমরা আত্মসমর্পন করবো না।” রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি পশ্চিমা দেশগুলোর কাছে আরো অস্ত্র এবং অর্থনৈতিক সহায়তার আবেদন জানান।#
পার্সটুডে/এসআইবি/১৮