একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
https://parstoday.ir/bn/news/world-i10888-একনজরে_ঢাকা_ও_কোলকাতার_পত্রপত্রিকার_সব_গুরুত্বপূর্ণ_খবর
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১ জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৬ ১২:৫৪ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১ জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

শিক্ষার মানে এখনো ঘাটতি আছে: নাহিদ -প্রথম আলো

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগ-প্রথম আলো

মন্ত্রী ও নেতাদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী- সমকাল

ট্রাইব্যুনালের রায়: এক ভাইয়ের ফাঁসি, অপর দুজনের আমৃত্যু কারাদণ্ড- মানবজমিন

বরিশালে ফেলের ঘটনায় জড়িতদের শাস্তি দেয়া হবে--বাংলাদেশ প্রতিদিন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি হতে পারবে না এমপিরা-ইত্তেফাক

টয়লেট না থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী-যায় যায় দিন

কাল আদালতে যাচ্ছেন খালেদা জিয়া-নয়া দিগন্ত

ফল বিভ্রাট : দোষীদের বেতন বন্ধ-মানবকন্ঠ

প্রবৃদ্ধিতে গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে যাবে আইটি সেক্টর -যুগান্তর

বৈঠক স্থগিত হওয়ার ফলে ঝুলে গেল বিতর্কিত সেই শিক্ষক প্রশিক্ষণ ক্যাম্প-জনকন্ঠ

রাজধানীতে বৃষ্টি মানেই দুর্ভোগ - স্যুয়ারেজ ও ড্রেনেজের বেহাল দশা-ইনকিলাব

 

কোলকাতা:

মোদী-বিরোধী পোস্টে লাইক, শাস্তির মুখে মধ্যপ্রদেশের আইএএস- আনন্দবাজার

মোদি-মন্ত্রিসভা বদল এমাসেই - সংবাদ প্রতিদিন

পুলগাঁও অগ্নিকাণ্ড: অন্তর্ঘাত না নাশকতা- উঠছে সেই প্রশ্ন –বর্তমান

দার্জিলিংয়ের এভারেস্টজয়ীদের স্বীকৃতি নেই , আছে শুধু যন্ত্রণা -এইসময় অনলাইন

বাড়ছে কর, পকেটে টান -আজকাল

 

শ্রোতাবন্ধুরা/ পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে-জনকন্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে জনসংখ্যা বেশি কিন্তু আয়তন কম। এই সীমাবদ্ধতার মধ্যেই সব মানুষের খাদ্য নিরাপত্তা ও বাসস্থানসহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। আজ হোটেল সোনারগাঁওয়ে ন্যাশনাল স্পেশিয়াল ডাটা ইনফ্রাস্ট্রাকচার (এনএসডিআই) গঠনের লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন,এনএসডিআই থাকলে আমরা আরো ভালভাবে এবং পরিকল্পিতভাবে কাজ করতে পারব। তিনি বলেন, এ দেশটা আমাদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রতি বছর যেমন ভাঙনের ফলে কৃষি জমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে, তেমনি আমাদের সমুদ্রে কিন্তুচর জেগে উঠছে। জরিপের মাধ্যমে এসব জেগে উঠা চরকে কীভাবে ব্যবহার উপযোগী করা যায় তার উপায় বের করতে হবে।

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি হতে পারবে না এমপিরা-মানবজমিন/ইত্তেফাক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না সংসদ সদস্যরা। পাশাপাশি বিশেষ কমিটি গঠনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার বিধান বাতিল করেছে হাইকোর্ট। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং বোর্ডের প্রো বিধানমালা ২০০৯এর ৫(২) ধারা অবৈধ ঘোষণা করে বুধবার এ রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহুরুল হকের ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেয়।

প্রসঙ্গত, ওই প্রো বিধানের ৫ ধারার ক্ষমতা বলে স্থানীয় সংসদ সদস্যরা ৪টি বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হতে পারতেন। এদিকে হাইকোর্ট ওই প্রো বিধান মালার ৫ ধারা বাতিল ঘোষণা করেছে। হাইকোর্টের ওই রায়ের ফলে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান পদে এমপিদের থাকার কর্তৃত্ব আর থাকল না। তবে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে আইনজীবীরা।

 

প্রায় আড়াই কোটি সিম পুনর্নিবন্ধিত হয়নি-প্রথম আলো

আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে প্রায় ১০ কোটি ৮২ লাখ সিম পুনর্নিবন্ধিত হয়েছে। পুনর্নিবন্ধিত হয়নি প্রায় ২ কোটি ৩৭ লাখ সিম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি সূত্র আজ সিম পুনর্নিবন্ধনের এই পরিসংখ্যান জানিয়েছে। বিভিন্ন মুঠোফোন অপারেটররা জানিয়েছে, পুনর্নিবন্ধনের বাইরে থাকা প্রায় আড়াই কোটি সিম গতকাল রাত ১২টার পর থেকে বন্ধ হওয়া শুরু হয়েছে।

গত সোমবার বিটিআরসির এক নির্দেশনায় বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া সিম আবার চালু করতে নতুন সিম কেনার নিয়ম অনুসরণ করতে হবে। বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে একটি নতুন সিম কিনতে অপারেটরভেদে ১৫০ থেকে ২০০ টাকা দাম রাখা হয়। এর মধ্যে সরকার সিমকর হিসেবে পায় ১০০ টাকা।

 

সুষম উন্নয়ন টার্গেটে কাল বাজেট-বাংলাদেশ প্রতিদিন

মধ্য আয়ের দেশ গড়ার লক্ষ্যে অর্থনৈতিক ও আয়বৈষম্য নিরসন, দারিদ্র্য বিমোচন, মানবসম্পদের উন্নয়ন ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে সুষম উন্নয়নের স্বপ্ন দেখাতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গ্রামীণ রাস্তাঘাট আর অবকাঠামোর উন্নয়ন করে প্রান্তিক অর্থনীতিকে চাঙ্গা করতে চান তিনি। সেজন্য নতুন বাজেটে গ্রামীণ জনজীবনের মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলে সুসম উন্নয়ন আর সম্পদের সমবণ্টনের স্বপ্ন দেখাবেন তিনি এবারের বাজেট বক্তৃতায়।

 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: ফখরুল-ইত্তেফাক

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের একটি গোষ্ঠীর কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় রমজানের আগে প্রতিটি জিনিসের দাম বেড়েই চলেছে। মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই। লুটপাটের অর্থনীতি চলছে। তিনি আরো বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি আদায় হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

পাঠক ! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

গোমাংসই ছিল, নয়া রিপোর্ট দাদরি নিয়ে-আনন্দবাজার

উত্তরপ্রদেশে ভোটের ঢাকে কাঠি পড়ার মুখেই ফের প্রাসঙ্গিক হয়ে উঠল দাদরির ঘটনা। মহম্মদ আখলাক হত্যার প্রায় আট মাস পর ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট জানাল, গোমাংস বা সেই গোত্রেরই কোনও মাংস ছিল তাদের বাড়ির ফ্রিজে। রিপোর্টটি দিয়েছে অখিলেশ সিংহ যাদব সরকারেরই অধীনে থাকা মথুরার একটি ল্যাবরেটরি।গত সেপ্টেম্বর মাসে ক্ষিপ্ত জনতা আখলাককে পিটিয়ে মারার পরে তাঁর বাড়িতে পাওয়া মাংস প্রথমে পরীক্ষা করেন গ্রেটার নয়ডার এক ভেটেরিনারি অফিসার। তাঁর রিপোর্টে বলা হয়েছিল, ওটা পাঁঠার মাংস। রাজ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি ও বিজেপি-বিরোধী সব দল সমস্বরে অভিযোগ তুলেছিল, সাম্প্রদায়িক মেরুকরণের লক্ষ্যেই গোহত্যার গুজব ছড়ানো হয়েছে। এর পিছনে রয়েছে আরএসএস ও বিজেপি। এখন রাজ্য সরকারেরই অধীনে থাকা ল্যাবরেটরি উল্টো রিপোর্ট দেওয়ায় অস্বস্তিতে মুখ্যমন্ত্রী অখিলেশ ও তার দল।

 

পুলগাঁও অগ্নিকাণ্ড: অন্তর্ঘাত না নাশকতা- উঠছে সেই প্রশ্ন-বর্তমান

বুধবার মহারাষ্ট্রের পুলগাঁওয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে গেল ভারত ততা এশিয়ার সর্ববৃহৎ সেনা অস্ত্রাগার। শুধু আর্থিক ক্ষতি নয়, আগুনের গ্রাসে প্রাণ হারিয়েছেন ১৭ জন নিরাপত্তা আধিকারিকও। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই অফিসার, এবং ১৫ জন প্রতিরক্ষা নিরাপত্তা কর্পোরেশনের (ডিএসসি) জওয়ানের। মহারাষ্ট্রের পুলগাঁওয়ের এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। সেনা অস্ত্রাগারে বিধ্বংসী আগুনের পিছনে কি জঙ্গি নাশকতা, না অন্তর্ঘাত, নাকি নিছকই দুর্ঘটনা? অবশ্য এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর এখনও মেলেনি।#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১