রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ
ইউরোপে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ করে দিয়েছে রাশিয়া। রক্ষণাবেক্ষেণ ও মেরামত কাজের জন্য নর্ড স্ট্রিম পাইপলাইন–১ দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আগামী ১০ দিন তা বন্ধ থাকতে পারে।
নর্ড স্ট্রিম বাল্টিক সি পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ হতো। এটি মূলত রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন।
রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের অপারেটর কোম্পানি নর্ড স্ট্রিম এজি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণকাজের অংশ হিসেবে ওই পাইপলাইনে কাজ চলছে। গ্যাস সরবরাহ বন্ধ করার আগে সব অংশীদার এ বিষয়ে একমত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে কানাডা থেকে মেরামত করা টারবাইন সঠিক সময়ে ফেরত না আসায় এক দফা চ্যালেঞ্জের মুখে পড়ে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি প্রতিষ্ঠানটি। এ কারণে পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ ৬০ শতাংশ কমিয়ে আনে প্রতিষ্ঠানটি। অবশ্য এই সিদ্ধান্তটি রাজনৈতিক ছিল বলে দাবি করেছেন জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক।
রাশিয়ার গ্যাস উত্তোলন ও বিতরণকারী সরকারি প্রতিষ্ঠান গাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি। এই পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে গোটা ইউরোপের সঙ্গেই রাশিয়ার সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।