‘গণভাবে সারমাট ক্ষেপণাস্ত্র উৎপাদন জোরদার করবে রাশিয়া’
-
সারমাট ক্ষেপণাস্ত্র
রাশিয়ার রসকসমস মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নতুন সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের গণ-উৎপাদন জোরদার করবে মস্কো। তিনি জানান, নতুন করে এই ক্ষেপণাস্ত্রের সিরিজ পরীক্ষা শুরুর জন্য প্রস্তুত করা হচ্ছে।
আজ (মঙ্গলবার) রোগোজিন সামাজিক মাধ্যম টেলিগ্রামে এই কথা জানিয়েছেন। সারমাট ক্ষেপণাস্ত্রকে তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেন।
চলতি জুলাই মাসের প্রথম দিকে দিমিত্রি রোগোজিন সারমাট ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনা ‘ক্রাসমাশ’ পরিদর্শন করেছিলেন। স্থাপনাটি পূর্ব সাইবেরিয়ার ক্রাসনোইয়ার্স্ক শহরে অবস্থিত। সারমাট ক্ষেপণাস্ত্রের সিরিজ পরীক্ষা ও গণ-উৎপাদন নিশ্চিত করার জন্যই তিনি স্থাপনাটি পরিদর্শন করেন।
এর আগে মে মাসে রোগোজিন জানিয়েছিলেন, সারমাট ক্ষেপণাস্ত্রের ধ্বংস-ক্ষমতা এতটাই বেশি যে, একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বৃহৎ মহাদেশের অর্ধেক উপকূল বিধ্বস্ত হয় যেতে পারে। সেজন্য তিনি কোনো দেশকে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নেয়ার আগে চিন্তভাবনা করার আহ্বান জানান।
চলতি বছরের এপ্রিল মাসে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে জানিয়েছেন, এ বছরের শেষ দিকে সারমাট ক্ষেপণাস্ত্র রুশ সামরিক বাহিনীতি নিয়মিত করা হতে পারে।#
পার্সটুডে/এসআইবি/১২