আমেরিকাকে ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিতে বলল চীন
https://parstoday.ir/bn/news/world-i111418-আমেরিকাকে_ইউরোপ_থেকে_পরমাণু_অস্ত্র_সরিয়ে_নিতে_বলল_চীন
চীন বলেছে, ইউরোপে মোতায়েন করা আমেরিকার সমস্ত পরমাণু অস্ত্র সরিয়ে নিতে হবে এবং বিশ্বের অন্য কোনো জায়গায় পরমাণু অস্ত্র মোতায়ন করা থেকে বিরত থাকতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৩, ২০২২ ১১:৫৯ Asia/Dhaka
  • ইউরোপে পরমাণু অস্ত্র
    ইউরোপে পরমাণু অস্ত্র

চীন বলেছে, ইউরোপে মোতায়েন করা আমেরিকার সমস্ত পরমাণু অস্ত্র সরিয়ে নিতে হবে এবং বিশ্বের অন্য কোনো জায়গায় পরমাণু অস্ত্র মোতায়ন করা থেকে বিরত থাকতে হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক ফু কং গতকাল (মঙ্গলবার) এসব কথা বলেছেন। তিনি বলেন কথিত 'পরমাণু অংশীদারিত্বের ব্যবস্থা' পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে এবং পরমাণু সংঘাতের হুমকি সৃষ্টি করেছে।

নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি পর্যালোচনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় ফূ কং এসব কথা বলেন। তিনি বলেন, যেসব দেশ পরমাণু অস্ত্রের অধিকারী নয় তাদের উচিত পরমাণু অস্ত্র ভাগাভাগি বা অন্য যেকোনোভাবেই হোক না কেন পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি বন্ধ করা। পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে আমেরিকা যে দ্বিমুখি নীতি অনুসরণ করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাকে প্রত্যাখ্যান করা।

চীনের এ কর্মকর্তা বলেন, ন্যাটো সামরিক জোটের পরমাণু অস্ত্র অংশীদারিত্বের এই মডেল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চাপিয়ে দেয়ার চেষ্টা করলে তাতে আঞ্চলিক কৌশলগত স্থিতিশীলতা বিনষ্ট হবে এবং এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে অবশ্যই এ অঞ্চলের দেশগুলো প্রতিরোধ গড়ে তুলবে।#

পার্সটুডে/এসআইবি/৩