রাশিয়া অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতায় ভুগছে বলে ধারণা আমেরিকার
https://parstoday.ir/bn/news/world-i112924-রাশিয়া_অস্ত্র_ও_গোলাবারুদের_স্বল্পতায়_ভুগছে_বলে_ধারণা_আমেরিকার
উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া কামানের গোলা ও রকেট কিনছে বলে দাবি করেছে আমেরিকা। এ থেকে ওয়াশিংটন ধারণা করছে, রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে অব্যাহতভাবে মারাত্মক অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতায় ভুগছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২২ ১৪:০০ Asia/Dhaka
  • রুশ সেনাদল
    রুশ সেনাদল

উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া কামানের গোলা ও রকেট কিনছে বলে দাবি করেছে আমেরিকা। এ থেকে ওয়াশিংটন ধারণা করছে, রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে অব্যাহতভাবে মারাত্মক অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতায় ভুগছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার দাবি, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে লাখো রকেট ও কামানের গোলা ক্রয়ের প্রক্রিয়ায় রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার এই অস্ত্র কেনায় বোঝা যায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে।

ইউক্রেন আগ্রাসনে রাশিয়ার টিকে থাকার সামর্থ্য হ্রাসেও কাজে দিচ্ছে এই নিষেধাজ্ঞা। গতকাল সোমবার পত্রিকাটির ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি উন্মুক্ত করা গোয়েন্দা প্রতিবেদনে কামানের গোলা এবং রকেট ছাড়া এই অস্ত্র কেনাকাটার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরপর থেকে ইউরোপ ও আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন বেড়েছে।#   

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।