তুরস্কে আবার বোমা হামলা: গর্ভবতী মহিলা পুলিশসহ নিহত ৪
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারদিন প্রদেশে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আজকের (বুধবার) এ হামলাও হয়েছে একটি থানায়। হামলায় নিহতদের মধ্যে এক গর্ভবতী মহিলা পুলিশ রয়েছে।
তুরস্কের ইস্তাম্বুল শহরে ভয়াবহ বিস্ফোরণ ১১ জন নিহত ও অন্তত ৩৬ জন আহত হওয়ার একদিন পর মারদিন প্রদেশে এ বোমা হামলা হলো। সিরিয়া সীমান্তের উত্তরে কুর্দি অধ্যুষিত এলাকায় হামলাটি হয়েছে।
তুরস্কের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা গেছে- বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উড়ছে এবং বিস্ফোরণে থানা ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। থানার আশপাশের বাড়ি-ঘরের জানালা ভেঙেচুরে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতোলিয়া আজকের বিস্ফোরণের জন্য নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদেরকে দায়ী করেছে।
গত জুলাই মাস থেকে অস্ত্রবিরতি ভেঙে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তুরস্কের সরকার। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বক্তব্য অনুসারে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি পিকেকে গেরিলা নিহত হয়েছে। তিনি এও বলেছেন, গেরিলাদের হামলায় তিনশ’র বেশি পুলিশ ও সেনা নিহত হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮